‘চৈত্রের নিদান’ নিয়ে চিন্তিত হাওরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গেল বছর হাওরের ধান না পাওয়ায় ভাবছিলাম, ঘরের সকলরে নিয়া না খাইয়া মরত অইব। শেষ পর্যন্ত মাছ ধইরা, মাটিকাটার কাজ কইরা, ঋণ কইরা কোনো রকমে খাইয়া না-খাইয়া দিন গেছে। এখন চিন্তায় আছি চৈত্রের নিদান (ক্রান্তিকাল) লইয়া। কারও ঘরেই ত খানি নাই। কার কাছে যাইমু।’কথাগুলো সত্তরোর্ধ্ব মুক্তিযোদ্ধা নূর হোসেনের। তিনি একজন কৃষক। বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে। সাত সদস্যের পরিবার তাঁর। কথা হচ্ছিল, গ্রামের পার্শ্ববর্তী খরচার হাওরের পশ্চিমপাড়ে দাঁড়িয়ে। শুধু নূর হোসেন নয়, ‘চৈত্রের নিদান’ নিয়ে চিন্তা এখন সুনামগঞ্জে হাওর এলাকার কৃষকদের ঘরে ঘরে। চৈত্র মাসে হাওর এলাকায় কোনো কাজ থাকে না। অভাব বেড়ে যায়। তাই ‘নিদানের’ এই মাসটি কীভাবে যাবে, সেই চিন্তায় পেয়ে বসেছে তাঁদের। নূর হোসেন জানালেন, গত বছর খরচার হাওরে আড়াই একর জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। চোখের সামনে সেই আধাপাকা ধান পানিতে তলিয়ে যায়। এবার ধান লাগাতে আট হাজার টাকা ঋণ করেছেন। ‘ইবার ধান গেলে এলাকার মানুষ ঠিকই না খেয়ে মরব।’ হাওরের দিকে তাকিয়ে বললেন তিনি। পাশে দাঁড়ানো রায়পুর গ্রামের কৃষক প্রমোদ রঞ্জন সরকার (৪৫) বলেন, ‘সামনে চৈত্র মাস। হাওরের ফসল উঠবে বৈশাখে। এই চৈত্র মাসে পুরো হাওর এলাকায় নিদান দেখা দেয়। এই নিদান কি-লা পার করতাম এখন এই চিন্তায় আছি।’হাওরপাড়ের গাছতলা বাজারে কথা হয় বাহাদুরপুর গ্রামের কৃষক সুনীল দাস, সাজিদ মিয়া, ঘাগটিয়া গ্রামের মুসলিম মিয়া, রায়পুরের মজিদুল ইসলামের সঙ্গে। তাঁরা জানান, হাওরের ফসল গেলে মানুষের দুঃখের আর সীমা থাকে না। যখন ফসল যায় তখন কিছুদিন কথা হয়। নানা সাহায্যের কথা শোনা যায়। এরপর আর কেউ খোঁজ রাখে না। কৃষকেরা জানান, ফসল হারিয়ে অভাবের দিনগুলো কাটাতে এবং শেষ পর্যন্ত জমিতে ফসল লাগাতে প্রায় সবাই কমবেশি ঋণ করেছেন। ফসল কাটার পর সেই ঋণ সুদে-আসলে শোধ করতে হবে। ফসল কাটা শুরু হবে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে।রায়পুর গ্রামে গিয়ে কথা হয় শ্রীরাম চন্দ্র বর্মণের (৫৫) সঙ্গে। হাওরে তাঁর সাত একর জমি আছে। গতবার ফসল না পাওয়ায় পুরো বছর চাল কিনে খেতে হয়েছে। শ্রীরাম বলেন, ‘কিছু সঞ্চয় ছিল। তা দিয়ে এত দিন চলেছি। এখন হাত খালি। ঋণ করতে হবে। বৈশাখে ফসল উঠলে সেই ঋণ শোধ করব।’সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের লেখক প্রবীণ আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন জানান, সুনামগঞ্জে ‘চৈত্রের নিদান’ কথাটি বহু দিন থেকে প্রচলিত। হাওরাঞ্চলে বোরো ফসল ওঠার আগের মাসকে ক্রান্তিকাল হিসেবে দেখা হয়। এ সময় চারদিকে অভাব দেখা দেয়। তিনি বলেন, ‘গেল বছর হাওরে ফসলহানি ঘটায় এবার সমস্যা বেশি হতে পারে। সরকারের উচিত এ সময়টায় কৃষকের পাশে দাঁড়ানো। অন্তত গ্রামে গ্রামে খোলাবাজারে কম মূল্যে চাল বিক্রির ব্যবস্থা করা। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’জেলা খাদ্যনিয়ন্ত্রক মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘হাওরের কৃষকদের কথা বিবেচনা করে জেলার প্রতিটি ইউনিয়নে খোলাবাজারে চাল বিক্রির জন্য দুজন করে ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। কিছু ইউনিয়নে চাল বিক্রি শুরু হয়ে গেছে। এ ছাড়া দরিদ্রদের তালিকা করে তাদের মধ্যে কম দামে মাসে একবার চাল ও গম বিক্রি করা হবে।’