'চোখ খুল্যা দিছেন' নূরজাহান

এই আষাঢ়ে শিমের খেতে ফুল ধরেছে! আধুনিক কৃষিবিজ্ঞান নিত্যনতুন এমন অনেক কিছুই করছে। তারপরও বেশ অবাকই লাগল। কৃষি বিভাগের এক মাঠকর্মী জানালেন, এক নারী এই অকালের শিম চাষ করছেন। শুধু এই ব্যতিক্রমী চাষটিই নয়, অনেক অসাধ্যসাধনের গল্পে তাঁর জীবন ভরপুর। বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে এ তথ্য পেলাম।
মাটির পথ ধরে, খেতখামার পেরিয়ে ওই দুপুরে গেলাম গাবতলীর নেপালতলী ইউনিয়নের চকডওঁর গ্রামে। নূরজাহানের খোঁজে, তাঁর শিমখেতের খোঁজে। কিছুক্ষণ অপেক্ষার পর নূরজাহান এলেন। তাঁকে সঙ্গে নিয়েই চলে গেলাম শিমের খেতে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে মাচার ওপর তারার মতো বেগুনি রঙের ফুলগুলো উঁকি দিচ্ছে। তিন বিঘাজুড়ে এই সবুজ-বেগুনির খেলা। পরিচ্ছন্ন, পরিপাটি খেতটি বলে দিচ্ছে, এখানে নিবিড় মমতা আছে। এই নারী চাষির অনেক উদ্ভাবনী কাজের মধ্যে একটিমাত্র এই শিমখেত। তাঁর আরও গল্প আছে।
গাবতলী শহরে জন্ম নূরজাহান বেগমের, বেড়ে ওঠা। উপজেলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। ইচ্ছে ছিল, অন্তত স্নাতকটা সম্পন্ন করবেন। কিন্তু বিধি বাম। এর আগেই মা-বাবার ইচ্ছে পূরণে বিয়ে করতে হলো। শহর গাবতলীর মেয়ের নতুন ঠিকানা অজগাঁ চকডওঁর। বিয়েতেই জীবনের সব কাজের সমাপ্তি—মফস্বল শহরের এ মেয়ে তা মেনে নিতে পারলেন না।
একেবারে ঝরঝর করে নূরজাহান বলতে শুরু করলেন, ‘যে লেখাপড়া শিখছি, তা কৃষিতে লাগাব না ক্যান। যে বাড়িত বিয়া হলো, সেটা গৃহস্থ। তাই কৃষিকাজ করবার চ্যালাম।’
ঘরের বউ খেতের কাজ করবে, তা কখনো হয়? বাধা এল পরিবার থেকে কিছুটা। তবে পরিবারকে মানানো গেল বটে, মুরব্বি শ্রেণির মানুষের নিন্দা কিন্তু কমল না। নূরজাহান অবশ্য দমবার মানুষ নন। ধানের পাশাপাশি ব্যতিক্রমী সব চাষাবাদ শুরু করলেন। কলা, পেঁপে, উচ্ছে। সংসারে আসতে লাগল বাড়তি পয়সা। তাতে সচ্ছলতাও বাড়তে লাগল। যে প্রবীণেরা এত দিন বাঁকা চোখে দেখতেন, নূরজাহান এখন তাঁদের আদরের পাত্র হলেন, হলেন উদাহরণ। নূরজাহান বলছিলেন, ‘যারা নানা রকম কথা বলত, এখন তারাই আমার বড় সমর্থক।’
দুই মেয়ে এক ছেলের মা নূরজাহান। স্বামী আবদুর রাজ্জাক মণ্ডল। এখন স্বামীসহ পরিবারের অনেকেই তাঁকে কৃষিকাজে সহযোগিতা করেন। গত বছর পাবনায় গিয়েছিলেন স্বামী আবদুর রাজ্জাক। সেখানে অসময়ের এই হাইব্রিড শিমের আবাদ করতে দেখে স্ত্রীকে জানান। নূরজাহান তা নিয়ে আসতে বলেন। গতবার দুই বিঘা জমিতে আবাদ করলেন। সাকল্যে লাভ হয়েছিল দুই লাখ টাকা। এবার আগেভাগেই লাগিয়েছেন শিম। তাঁর আশা, এবার লাভ সাড়ে তিন লাখ টাকা ছাড়িয়ে যাবে।
আষাঢ়ে শিম নূরজাহানের অনেক নতুন নতুন উদ্ভাবনী চাষাবাদের একটি নতুন সংযোজনমাত্র।
নতুন উদ্ভাবন গ্রহণের ক্ষেত্রে কৃষিবিদেরা কৃষকদের চারটি শ্রেণিতে ভাগ করেন। এর মধ্যে প্রথমে আছেন অগ্রগামী কৃষকেরা। এঁরা মোট কৃষকের মাত্র ৫ শতাংশ। এরপর আছে দ্রুত গ্রহণকারী, দেরিতে গ্রহণকারী এবং দীর্ঘসূত্র কৃষক। গাবতলীর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ জ মু আহসান শহীদ সরকার বলেন, ‘নূরজাহান অগ্রগামী চাষি। লাভ হোক, লোকসান হোক, কোনো নতুন উদ্ভাবন পেলেই তিনি সেটাতে আগ্রহী হন। পুরো উপজেলার এক গর্ব এই নারী।’
পেঁপের খেতে আদার চাষ, সঙ্গে পটল, জৈব পদ্ধতির চাষাবাদ, নতুন জাতের ধান, দেশি জাতের মুরগি আধুনিক পদ্ধতিতে পালন—যা কিছু নতুন তাই আঁকড়ে ধরেন নূরজাহান। না, শুধু নিজেরটা নিয়েই ভাবেন না নূরজাহান। পুরো এলাকায় নারীর কর্মসংস্থানে তাঁর অবদানের কথা একাধিক মানুষের কাছে শুনলাম। গ্রামে নারীদের একটি দল তৈরি করেছেন নূরজাহান। নতুন যেসব চাষাবাদ তিনি শেখেন, তা শেখান অন্য নারীদের। এ দলের এক সদস্য চকডওঁর গ্রামের নাইস আখতার। তিনি বললেন, ‘নূরজাহান আপা আমাদের চোখ খুল্যা দিছেন।’
কৃষি বিভাগ তাঁকে নিয়ে গর্ব করে। গ্রামের অন্য নারীরা তাঁর দিকে চেয়ে থাকে। নতুন কিছু করা, সফল হওয়া, তা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার এই প্রবণতা যেন তাঁর স্বভাবজাত। সেই নূরজাহান বলছিলেন, ‘অ্যাকটা কিছু শিখ্যা যদি অন্য কাউকে শিখাই বা অন্যের কাজে লাগে, তখনই বেশি ভালো লাগে।’