‘চোখের সামনে বনটা সাফ অইয়া গেল’
‘চোখের সামনে বনটা সাফ অইয়া গেল। স্বাধীনতার পর এমন কইরা বন কাটতে আর দেখি নাই।’ একটা টিলার দিকে আঙুল নির্দেশ করে এসব কথা বললেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফকিরচালা গ্রামের আবদুর রহমান (৭০)।আবদুর রহমান বলেন, ‘তিন মাস আগেও এহানে গজারিগাছের (শাল) ঘন বন ছিল। বন বিভাগের লোকজনের সামনে দিনে দুপুরে গাছগুলো পাচার অইয়া গেল। তাই খারাপ লাগে।’ঘাটাইলের সংরক্ষিত বনভূমির পরিমাণ ৫৪ হাজার একর। ধলাপাড়া রেঞ্জর অধীনে পাঁচটি বিট কার্যালয় এই বনভূমি দেখাশোনা করে।উপজেলার ধলাপাড়া রেঞ্জের অধীন ১০টি গ্রাম ঘুরে দেখা যায়, গজারিগাছে সমৃদ্ধ ছোট ছোট টিলা ও গড়গুলো সম্পূর্ণ সাফ হয়ে গেছে। পড়ে আছে শত শত মোথা।গ্রামবাসীর অনেকে জানান, কুঁড়িপাড়া ও ছনখোলা গ্রাম থেকে গত মার্চ ও এপ্রিল মাসে গজারি বনের গাছ কাটা হয়। এ ছাড়া ফকিরচালা, আমুয়াবাইদ, খাগরাটা, গৌরীশ্বর, ল্যাংড়াবাজার, পাঞ্জারবাইদ, বিদুরিয়া, সাতকুয়া, চৌডাল, শুকনি, নয়নচালা, সাপুয়াচালা গ্রামগুলোতে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গজারিগাছ পাচার হয়।কুশারিয়া গ্রামের মালেক মিয়া, সত্তরবাড়ী গ্রামের আবু সাইদ ও সন্ধানপুর গ্রামের মিজানুর রহমান বলেন, তাঁরা গাছ চোর ধরে দিলে কর্মকর্তারা ছেড়ে দেন। তাঁদের টাকা দিলে বন থেকে সারা রাত গাছ কাটা যায়।গৌরীশ্বর গ্রামের মজিবর রহমান জানান, বনের ভেতর থেকে এক ট্রাক গজারিগাছ বের করতে ২০ হাজার টাকা খরচ হয়। রেঞ্জ কর্মকর্তা থেকে শুরু করে বনের পাহারাদারের মধ্যে এই টাকা ভাগাভাগি হয়। বন কর্মকর্তাদের টাকা না দিলে বনাঞ্চল থেকে গাছ তো দূরের কথা, গাছের পাতাও নেওয়া সম্ভব নয়।সন্ধানপুর ইউনিয়নের পুরোটাই বনের মধ্যে। এ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়েগুলোতে সবচেয়ে বেশি গজারিগাছ পাচার হয়েছে। চুরি ঠেকানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি চলতি মাসে উপজেলা সমন্বয় সভায় বক্তব্য রেখেছি।’খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বটতলী ও ঝড়কা বিটে। এ দুটি বিটের আওতাধীন বগা, খাগরাটা, চৈথট্ট, এগারকাহনিয়া, ভেলুয়াটিকি, সত্তরবাড়ী, দেওজানা, কুশারিয়া, সাতকুয়া, গৌরীশ্বর, শুকনি, চৌডাল, নয়নচালা, সাপুয়াচালা গ্রামের গজারি বন ধ্বংস হয়েছে। সম্প্রতি একটি গোয়েন্দ সংস্থা বটতলী বিটে গজারিগাছ চুরির সময় হাতেনাতে দুই চোরকে ধরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে সোপর্দ করে।পাচারের কাজে নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে কাভার্ড ভ্যান। দিনে দুপুরে কাভার্ড ভ্যান বোঝাই করে পাচার হচ্ছে চুরি হওয়া গজারিগাছ। কুশারিয়া গ্রামের হেলাল উদ্দিন বলেন, ল্যাংড়াবাজার বাসস্ট্যান্ড থেকে কাভার্ড ভ্যান বোঝাই করা হয়। গত মে মাসে তিনি সিমেন্টবাহী তিনটি কাভার্ড ভ্যান বোঝাই করে গজারিগাছ পাচার হতে দেখেছেন বলে সাংবাদিকদের জানান।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইল কার্যালয়ের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী প্রথম আলোকে জানান, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন গজারিগাছ কোনোভাবেই কাটা উচিত নয়। গাছের বয়স ৩০ থেকে ৪০ হলে সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।তবে বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা খসরু আলম প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস হলো আমি এই রেঞ্জে যোগ দিয়েছি। ইতিমধ্যে গজারিগাছ পাচারকালে হাতেনাতে একটি ট্রাক ধরেছি। পাচারকারীদের বিরুদ্ধে মামলাও করেছি। এ ব্যাপারে আমি শক্ত অবস্থানে আছি।’