'চোখের সামনে সব পুড়ে গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা সিটিতে কয়েকটি দোকান আছে শাখাওয়াত হোসেনের। আজ সোমবার শপিং মলের সামনে দাঁড়িয়ে উৎকণ্ঠার প্রহর গুনছেন তিনি। ছবি: কমল জোহা খান
বসুন্ধরা সিটিতে কয়েকটি দোকান আছে শাখাওয়াত হোসেনের। আজ সোমবার শপিং মলের সামনে দাঁড়িয়ে উৎকণ্ঠার প্রহর গুনছেন তিনি। ছবি: কমল জোহা খান

সকাল সাড়ে ১০টার দিকেও দোকানে দুই লাখ টাকার জুতা আনা হয়েছিল। এর প্রায় আধা ঘণ্টা পর আগুন লাগে। দোকানের সব পুড়ে যায়। কথাগুলো বলছিলেন, বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল ছয়ের ‘সি’ ব্লকের ১৫ নম্বর দোকান শ‌ু মার্টের স্বত্বাধিকারী মুকুল রানা।
আজ সোমবার সকালে বসুন্ধরা সিটির সামনে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, পুরো দোকানে প্রায় এক কোটি টাকার জুতা ছিল। ঈদের কেনাবেচার জন্য নতুন নতুন জুতা রেখেছিলেন দোকানে। তাঁর আশঙ্কা, কোনো পণ্যই আর অক্ষত নেই।
মুকুল রানা আরও বলেন, বেলা ১১টার পর ‘সি’ ব্লকের পেছনের দিকের ‘স্মার্ট শ‌ু’ নামের একটি দোকানে প্রথম আগুন লাগে। তাঁর ধারণা, ওই দোকানের লোকজন ব্যাপারটি প্রথমে বুঝতেই পারেননি। পাশের ‘জেনিস শ‌ু’ নামের আরেকটি দোকানে মুহূর্তেই আগুন ছড়িয়ে যায়। পরে আরও সাত-আটটি দোকানে আগুন ধরে যায়। কর্মরতরা শাটার লাগিয়ে যে যাঁর মতো বের হয়ে যান। অন্যরা চলে গেলেও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে মুকুল রানা পানি ছিটাতে থাকেন। ধোঁয়া বাড়তে থাকলে আর ভেতরে থাকতে পারেননি মুকুল রানা। বেলা একটার দিকে বাইরে চলে যান। তিনি বলেন, ‘চোখের সামনে সব পুড়ে গেল।’
মুকুল রানার দোকানের কর্মচারী কিরণ শিকদার জানান, তাড়াহুড়ো করে নামতে গিয়ে দোকানে মোবাইল রেখে এসেছেন। বেলা দেড়টা পর্যন্ত মোবাইলে কল করে দেখেছেন সংযোগ ঠিক আছে। কিন্তু এরপর থেকে সংযোগ বন্ধ পাওয়া গেছে। এই ধারণা থেকে তাঁরা মনে করছেন, দোকানের সব পুড়ে গেছে।

‘সি’ ব্লকের একটি বড় দোকান ‘লিবার্টি শ‌ু’। এই দোকানের মালিক শাখাওয়াত হোসেন জানান, ৭৯, ৮০, ৯০ ও ৯১ নম্বর মিলে তাঁর চারটি দোকান। গতকাল রোববারও ওই দোকানগুলোতে তিনি ২০ লাখ টাকার নতুন পণ্য এনেছিলেন। এই দোকান বসুন্ধরা সিটির পেছনের জানালা থেকে দেখা যায়। ওই জানালা দিয়ে তিনি দোকান পুড়ে যেতে দেখেছেন।

অন্য তিনটি ব্লকের দোকানিরাও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। ‘ডি’ ব্লকের নিক্কন টেলিকমের মালিক নাজমুল হাসান বলেন, তাঁর দোকানের মোবাইল সেট, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য নষ্ট হয়ে যেতে পারে। তাঁর ধারণা, দোকানের সাজসজ্জাও নষ্ট হয়েছে।

স্মার্ট শ‌ু নামে দোকানটির কর্মী মো. নাদিম জানান, ঈদের আগে তাঁদের দোকানেও নতুন মালামাল আনা হয়। কিন্তু আগুনে সব পুড়ে গেছে। তিনি বলেন, ‘দোকানই তো পুইড়া শেষ। মালিকের কাছে টাকা চাইবো ক্যামনে।’

গতকাল বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটিতে আগুন লাগে প্রায় ১০ ঘণ্টা পর রাত রাত নয়টার দিকে তা নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে এর কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে আবারও আগুন জ্বলতে দেখা যায়। পরে তা নিয়ন্ত্রণে আসে। আজ সকাল থেকে সেখানে পরিচ্ছন্নতার কাজ করছেন ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা।