'চোখের সামনোতে এত সুন্দর স্কুল নদীত গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ছাওলা ইউনিয়নের পূর্ব শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একাংশ নদীতে ভেঙে পড়ছে। বর্তমানে বিদ্যালয়ের অদূরে বাজারের তরকারি বিক্রির একটি শেডের চারপাশে টিনের বেড়া দিয়ে গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস চলছে।

এর আগে উপজেলা পরিষদ, এলাকাবাসী ও স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হলো না।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনটির তিনটি কক্ষ ইতিমধ্যে তিস্তা নদীতে ভেঙে পড়ে আছে। বিদ্যালয় থেকে চেয়ার, টেবিল ও আসবাব সরানো হয়েছে। এ অবস্থায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় নয়ারহাট বাজার কমিটির সহযোগিতায় নয়ারহাট বাজারের তরকারি বিক্রির একটি শেডে শিক্ষার্থীদের ক্লাস চালানোর উদ্যোগ নেওয়া হয়। শেডটির চারপাশে পুরোনো টিনের বেড়া দিয়ে দুটি অংশে ভাগ করা হয়েছে। সেখানেই গাদাগাদি করে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ২২০ জন শিক্ষার্থী রয়েছে। ২০১৩ সালে বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ করা হয়। ২০১৪ সাল থেকে এই ভবনে পাঠদান শুরু হয়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব মিয়া বলে, ‘হামার চোখের সামনোতে এত সুন্দর একটি স্কুল নদীত চলি গেল।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার বলে, ‘এলা হামরা খুব কষ্ট করিয়া বাজারের একটা ঘরোত ক্লাস করতোছি।’

তৃতীয় শ্রেণির আইরিন আক্তার বলে, ‘অগোত ফ্যান (বৈদ্যুতিক পাখা) ছিল। এলা ছোট একটা জায়গাত গরমোত বসিয়া পড়াশোনা কী হয়?’ তাদের মতো আরও অনেক শিক্ষার্থী কষ্টের কথা জানায়।

পূর্ব শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, এবার বন্যার সঙ্গে নদীভাঙনও বেশি। কয়েক দিন আগেও নদী থেকে স্কুল কিছুটা দূরেই ছিল। তা ভাঙতে ভাঙতে স্কুলের কিনারে এসে পড়ে। ১২ আগস্ট থেকে বিদ্যালয় ভবনটি ভাঙনের কবলে পড়ে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুরুজ্জামান বলেন, অনেক চেষ্টা করেও বিদ্যালয়টি রক্ষা করা গেল না। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাস কোনো রকমে নেওয়া হচ্ছে বাজারের একটি শেডে ঘের দিয়ে। তবে এই শেডে এত শিক্ষার্থীর ক্লাস নেওয়া খুবই কষ্টকর।

পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা করে নতুন করে একটি ভবন নির্মাণ করতে শিক্ষা বিভাগকেই এগিয়ে আসতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নদীতে ভেঙে যাওয়া বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে নতুন করে করতে হবে। তা সময়ের ব্যাপার। তবে শিক্ষার্থীদের ক্লাস চালিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।