রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতেই সাহসী নেতাদের টার্গেট করে পঙ্গু করে দিচ্ছে শিবির। কিন্তু তারা ভুলে গেছে, চোরাগোপ্তা হামলা চালিয়ে ছাত্রলীগকে দুর্বল করা যাবে না। শিবির যদি অস্ত্র নিয়ে হামলা চালায়, তবে ছাত্রলীগ ফুল দিয়ে স্বাগত জানাবে না। তারাও প্রতিরোধ গড়ে তুলবে।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে আয়োজিত এক সমাবেশে খায়রুজ্জামান এক কথা বলেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বদিউজ্জামান আগামী ২ সেপ্টেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।