'চোহের সামনে তিনজনায় লাশ হইয়ে গেল'
বিছানায় সটান শুয়ে আবদুর রশিদ (৬৫)। একহারা চেহারায় কায়ক্লেশের চিহ্ন। তবে শরীরটা এই বয়সেও বেশ শক্ত। তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ। ভেঙে গেছে। ১৩ জুন ভোরে ভয়াবহ পাহাড়ধসে তাঁর বাড়িটি চুরমার। তখন তিনি বাড়িতেই ছিলেন। ঘরের দেয়াল পড়েছে পায়ের ওপর। সে যন্ত্রণা আর দুর্ভোগ পোহাচ্ছেন এখন। তবে বুকের ভেতর যে দহন, পায়ের ব্যথা তার কাছে কোন ছার!
রশিদের কাছে ওই রাতটি ভয়াল। পাশের ঘরে থাকা স্ত্রী ও জোয়ান দুই ছেলে চিরদিনের মতো চোখ বুজেছেন। রশিদ চোখ মুছতে মুছতে বললেন, ‘এ বয়সে যে কী কষ্ট পালাম, ভাববার পারি নাই! চোহের সামনে তিনজনায় লাশ হইয়ে গেল।’
আবদুর রশিদের আদি বাড়ি বরিশালে। ১৯৮৭ সালে পার্বত্য চট্টগ্রামে এসেছেন। কথায় বরিশালের টান এখনো স্পষ্ট। পাহাড়ে এসে থিতু হন রাঙামাটির কাউখালির কাশিখালী গ্রামে। তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। তাঁর মেজ ছেলে হোসেন (৩০) এখন এ কাজ করেন।
কাউখালী সদর থেকে চার কিলোমিটার দক্ষিণে পাহাড়ি গ্রাম এটি। মঙ্গলবার বিকেলে সেই গ্রামে যাওয়ার পথে জাকির হোসেনের সঙ্গে দেখ। তাঁর সঙ্গে যাই তাঁদের বাড়ি। ইট বিছানো পাহাড়ি পথের গা ঘেঁষে দুটি বাড়ি। একটিতে জাকির নিজের পরিবার নিয়ে থাকেন। অন্যটিতে আবদুর রশিদ থাকতেন স্ত্রী আর দুই ছেলে নিয়ে। স্ত্রী বিবি ফাতেমা (৫৫), বড় ছেলে মনির হোসেন (৩৭) ও ছোট ছেলে মনির হোসেন (২৪)।
আবদুর রশিদেরও টিনের চালার মাটির ঘরটি এখন স্তূপ ছাড়া অন্য কিছু নয়। বাড়িটির ওপরে রাস্তা; আবার তার ওপরে খাড়া পাহাড়। যেন স্তরে স্তরে সাজানো। পাহাড়ের যে অংশটি ভেঙে পড়েছে, সে জায়গাটা একেবারে হা হয়ে আছে। জাকিরের নিজের ঘর অক্ষত থাকলেও এ বাড়িতে তিনি আর থাকেন না। বললেন, ‘ভয় লাগে। বৃষ্টি এখনো চলতেছে। পাহাড় দ্যাখেন কী হা হয়ে আছে। কোনসমে ভাইঙে পড়ে ঠিক নাই।’
পাহাড়ের ওপর জাকিরের শ্বশুরবাড়ি। সেখানেই বাবাসহ উঠেছেন তিনি। জাকিরের সঙ্গে পাহাড় বেয়ে সেই বাড়ি গিয়ে দেখা মেলে রশিদের। সেদিনের কথা উঠলে কিছুক্ষণ চুপ থাকেন। তারপর কথা বলেন। বারবার ধরে আসে গলা। রমজান মাস হওয়ায় সাহ্রি সেরে সেদিন আর ঘুমাননি। প্রবল বৃষ্টি হচ্ছিল। একসময় ধপ করে একটা শব্দ পান। একটা ধাক্কা খাওয়ার মতো মনে হয়। তিনি বললেন, ‘ব্যথা পাইলাম। পাশের ঘর থেকে কোনো সাড়াশব্দ নেই। দ্যাখতে গিয়া আঘাত পাইলাম।’
পাহাড়ধসের শব্দ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে জাকির দৌড়ে আসেন মা-বাবার ঘরে। চারদিক তখন অন্ধকার। নিজে কুলাতে পারবেন না মনে করে দৌড়ে পাড়ার মধ্যে যান। জাকির বললেন, ‘রাস্তায় তহন বুকখানি পানি। সেই ঠেইল্যা গেলাম। পাড়ার লোকজন আসলে এক এক কইরা সবাইরে তুললাম।’
ছোট ভাই মনির বাঁচবে—এই আশায় তাঁকে নিয়ে হাসপাতালে যান জাকির। সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। জাকির বললেন, ‘আম্মা আর আরেক ভাইয়ের কোনো আশা ছেলো না। তাই তাগো নেই ন্যাই।’
আহত হয়ে ছেলের শ্বশুরবাড়িতে আসার পর একবারও আর ঘরমুখো হননি আবদুর রশিদ। ছেলে জাকির হোসেন বলেন, ‘আব্বা খুব ভয় পাইছে। আর বাড়িতে আসতে চায় না।’