'ছড়ার ছন্দে' ফিরছে সিলেট

সিলেট নগরের নবাব রোডে গাভীয়ার খালে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি এক মাসের পরিকল্পনায় দখল ও দূষণ দূর করতে নামেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছিলেন, উদ্ধার-খনন-দখলমুক্ত করে ‘বুট’ (বোট-নৌকা) চালাবেন। তাই হয়েছে—সেই মরা খালে এখন জলতরঙ্গ। এভাবে শুধু একটি বা দুটি খাল-ছড়া নয়, গত শুষ্ক মৌসুমে যেখানে দখলমুক্ত অভিযান হয়েছে, সেখানে যেন নিজের ছন্দে ফিরছে ছড়া।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ‘বৃষ্টি শেষে নয়টি ছড়ার জলতরঙ্গ সিলেটবাসীর নিকট ছড়ার ছন্দের মতো দেখাত। নগরায়ণে আবাসনের কারণে ছড়া দখল-দূষণে এখন বিপন্ন।’
সিটি করপোরেশন জানায়, চা-বাগানের টিলা-পাহাড় থেকে নেমে আসা মালনীছড়া, কালীবাড়িছড়া, মঙ্গলীছড়া, যোগিনীছড়া, হলদিছড়া, ভুবিছড়া, গোয়ালীছড়া, ধোপাছড়া ও গাভীয়ার খাল নামের নয়টি ছড়া নগর দিয়ে মিলিত হয়েছে সুরমা নদীতে। প্রায় ২০ থেকে ৩০ ফুট প্রস্থের ছাড়াগুলোর দৈর্ঘ্য প্রায় ৩২ কিলোমিটার। নগরের নয়টি ছড়া দখল করে গড়ে উঠেছে এক হাজার ভবন।
ছড়া অভিযান: সিটি করপোরেশন নির্বাচন হয় গত বছরের ১৫ জুন। ভরা বর্ষাকাল ছিল। তাই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার দেখা দেওয়ায় নাগরিক সমস্যা আর মুখ ফুটে বলতে হয়নি। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নগরের ছড়াগুলোকে প্রাকৃতিকভাবে হাতিয়ার হিসেবে গ্রহণ করে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর গত বছরের অক্টোবর থেকে শুরু হয় ছড়া দখল-দূষণমুক্ত করার অভিযান। তিন মাসের পরিকল্পনা নিয়ে মেয়র আরিফ নামেন ছড়া উদ্ধার অভিযানে। এর মধ্যে নগরের নবাব রোড এলাকায় গাভীয়ার খাল নামক ছড়ার করুণ দশা দেখে ১৮ ডিসেম্বর খননযন্ত্র (এক্সেভেটর) দিয়ে খননকাজ শুরু করে ঘোষণা দেন এক মাস পর ওই ছড়া দিয়ে তিনি ‘বুট’ চালাবেন। ১৮ জানুয়ারি মেয়র তাঁর কথামতো গাভীয়ার খাল খনন করা অংশে বুট চালান। এর পর থেকে শুরু হয় নগরের ছড়াগুলো উদ্ধার অভিযান।
ছড়া সচলে প্রকল্প: গাভীয়ার খালের একাংশ ছাড়াও বাগবাড়ি, সাগরদীঘিরপাড়, নবাব রোড, সিলেট স্টেডিয়াম এলাকা দিয়ে প্রবহমান ছড়ায় অভিযান চালানোয় সরেজমিনে দেখা গেছে যেন ছন্দে ফিরছে ছড়া। বৃষ্টি হলেই ছড়াগুলো প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন করে। সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, মূলত জলাবদ্ধতা মোকাবিলায় বেদখল হয়ে পড়া হলদিছড়া, গোয়ালীছাড়া, মালনী ছড়া ও ধোপাছড়া উদ্ধারের কাজ শুরু করে সিটি করপোরেশন। ছয় কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের অধীনে ছড়াগুলো খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ থেকে শুরু করে আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। এর বাইরে পাঁচ লাখ টাকা ব্যয়ে ভুবি ছড়া খনন হচ্ছে। এ ছাড়া মঙ্গলীছড়া, দলদলিছড়া, বসুখাল ও বাগবাড়ি ছড়া খননের জন্য সম্প্রতি আরও ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি দরপত্র আহ্বান করা হয়েছে।
‘ন্যাচারাল ড্রেনেজ’: সিলেটের নয়টি ছড়া ‘ন্যাচারাল ড্রেনেজ’ বলে মনে করেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, ২০০১ সালে জেলা পরিষদ ছড়া খননকাজ করেছিল। পরে ২০০৯ সালে ছড়া সংস্কারে বৃহৎ একটি প্রকল্প হাতে নিয়েছিল সিলেট সিটি করপোরেশন। বর্তমানে প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়ে গেলে জলাবদ্ধতা চিরতরে দূর করা সম্ভব হবে। তখন বাস্তবিক অর্থেই ছড়াগুলো নগরের ন্যাচারাল ড্রেনেজ হবে।
প্রথম আলোকে মেয়র বলেন, পুরো নগরকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় সাজানো হবে। জলবদ্ধতা নিরসনে ছড়া-খালগুলোর পাশাপাশি ভবিষ্যতে সুরমা নদী খনন করা হবে।