'ছনুয়া মডেল' পরিদর্শন যুগ্ম সচিবের
পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবায় ফেনী সদর উপজেলার ‘ছনুয়া মডেল’ পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ কুমার সেন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে ২০১৩ সালের এপ্রিলে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং প্রসব ও প্রসবোত্তর সেবা বিষয়ে কার্যক্রম পরিচালনা শুরু হয়। জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে এই কার্যক্রম চলছে। কোনো ধরনের সরকারি বরাদ্দ ছাড়াই এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা কাজ করছেন।
পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, ‘ছনুয়া মডেল’-এর বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা বিভাগের নজরে পড়ে। গতকাল রোববার প্রকল্পের সফলতা দেখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ কুমার সেনসহ দুই সদস্যের একটি প্রতিনিধিদল ছনুয়ায় আসে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, মাদার্স ক্লাবের সদস্যসহ সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।