'ছন্দহারা' গোয়ালীছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর থেকে দেখলে মনে হবে, ছড়ায় কচুরিপানা ভাসছে। কাছে গেলে দেখা যাবে, সবই পলিথিন-বর্জ্য। এই দৃশ্য সিলেট নগরের গোয়ালীছড়ার। শুষ্ক মৌসুমে খননসহ দখলমুক্ত করার ফলে ‘ছন্দ’ ফিরে পাওয়া ওই ছড়া এখন পলিথিন-বর্জ্যের কারণে ‘ছন্দ’ হারিয়েছে বলে মনে করছেন নগরবাসী।
নগরবাসীর অনেকে বলেন, এবারের বর্ষা সামনে রেখে সিলেট নগরের ছড়া-খাল পুনরুদ্ধারে সিটি করপোরেশন অভিযান চালানোয় বৃষ্টির মৌসুমে ‘ছন্দ’ ফিরে পায় ছড়াগুলো। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে নগরের ছড়াগুলোতে (খাল) সংস্কারকাজ শুরু হয়। খননযন্ত্রের (এক্সকাভেটর) সাহায্যে মাটি খনন করে ছড়াগুলোকে গভীর করা, ছড়া দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নানামুখী কার্যক্রম শুরু করা হয়। এতে সাফল্যও আসে। সম্প্রতি একাধিকবার ভারী বৃষ্টিপাতে দু-একটি এলাকা ছাড়া উল্লেখ করার মতো জলাবদ্ধতা ছিল না বললেই চলে।
এলাকাবাসী বলছেন, ছড়াগুলোতে এখন মাত্রাতিরিক্ত নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি থাকলেও সেগুলো অপসারণে করপোরেশনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তাঁদের আশঙ্কা, পলিথিনগুলো দ্রুত অপসারণ না করলে ছড়ার তলদেশ ভরাট হয়ে যাবে। এতে আবারও জলাবদ্ধতা দেখা দিতে পারে।
নগরের সোবহানীঘাট, চালিবন্দর ও ছড়ারপাড় এলাকাজুড়ে গোয়ালীছড়ার অবস্থান। সরেজমিনে দেখা যায়, গোয়ালীছড়ায় নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি।
ছড়ারপার এলাকা দিয়ে ছড়াটি সুরমা নদীতে মিশেছে। স্থানীয়রা বলছেন, বৃষ্টিতে ক্লিনিক্যাল বর্জ্য, পলিথিন ও প্লাস্টিকজাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে গোয়ালীছড়ায় মিশেছে। ছড়ার পানিতে জোয়ার-ভাটা না থাকায় এসব সামগ্রীর অধিকাংশই ভেসে আছে। এর বাইরে অধিকাংশ ভারী ক্লিনিক্যাল বর্জ্য ছড়ার তলদেশে স্তরে স্তরে জমা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, শিগগিরই পলিথিন অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ শুরু করবেন। টানা বৃষ্টি হওয়া সত্ত্বেও এক মাসের ব্যবধানে ছড়ার তলদেশে পলিথিন স্তূপাকারে জমা হওয়ার কথা নয়। এর পরও যদি সেটি হয়ে থাকে, তা পরিষ্কার করা হবে।