‘ছাওয়া ঠিকই আসিল কিন্তু কথা কয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রশিদ মৃত্যুর এক ঘণ্টা আগে তাঁর বাবা মামুন মোস্তফার সঙ্গে মুঠোফোনে শেষ কথা বলেন। বলেছিলেন, তাঁর ছিনতাই হওয়া ট্যাক্সিক্যাব ফিরে পেয়েছেন। এই গাড়ি ফিরে পেতে কিছু টাকা খরচ হয়েছে। ২০ হাজার টাকা তাঁর চাচার কাছ থেকে নিয়ে নিতে। হরতাল শেষে বাড়ি যাবেন।বিএনপির ডাকা হরতাল চলাকালে গত রোববার ঢাকার সাভার এলাকায় পিকেটারদের হামলা থেকে নিজের ট্যাক্সিক্যাব বাঁচাতে গিয়ে আবদুর রশিদ তাঁর ট্যাক্সিক্যাবটি দ্রুতগতিতে সরিয়ে নিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রোববার রাতেই রশিদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে রশিদের গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বড়দরগা খড়খড়িয়া গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়। গতকাল সরেজমিনে দেখা যায়, রশিদের বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের ভিড়। রশিদকে হারিয়ে তাঁর স্বজনেরা কান্নাকাটি করছেন। রশিদের মা অহিদা বেগমকে দেখা গেছে নির্বাক। মাঝেমধ্যে কেঁদে উঠছেন। প্রলাপ করছিলেন, ‘একনা (একটা) ছাওয়া মোর বাড়ি আইসপার চাইছিল। ছাওয়া ঠিকই আসিল, কিন্তু ছাওয়া মোর কথা কয় না।’ রশিদের দাদি জয়নব বানুর কপোল বেয়ে পড়ছে চোখের পানি। আধো আধো গলায় কাঁপা স্বরে বলছিলেন, ‘রশিদরে, এই বয়সোত তোর মরা মুখটা দেখি যাওয়া লাগিল।’ আবদুর রশিদের প্রথম স্ত্রী শামসুন্নাহার বলেন, ‘ওমরা (স্বামী) থাকাতে একটা সাহস তো ছিল। এলা এই দুইটা ছাওয়াক কেমন করি যে পড়াশোনা করবে। এইগলা কথা ভাবলে বুকটা ধপাাস করি ওঠে। কী আর যাইবে আল্লাহ কপালোত লেখি গেইছে।’রশিদের বাবা মামুন মোস্তফা বলেন, ‘ছাওয়াটা খুব কষ্ট করছে। গাড়ি চালার প্রশিক্ষণ নিছে। গাড়ি কেনার জন্য ওর চাচা কিছু টাকাও দেয়। ফোন করে বাড়ি আসতে চাইছিল। হামার রশিদ ঠিকই বাড়ি আসিল, কিন্তু মুখোত কোনো কথা নাই।’ রশিদ উপজেলার কল্যাণী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তাঁর বাবা মামুন মোস্তফা একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য।