‘ছাওয়াটাক নিয়া কষ্ট পাইতোছোও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটা ছাওয়া নিয়া গরম কাপড়ের জন্যে কত জনের কাছোত হাত পাতনু। কিন্তু কায়য়ো মোর ছাওয়াটার পাকে দেখিল না। ছাওয়াসহ মুইয়ো শীতোত কষ্ট পাইতোছোও।’ সোমবার বিকেলে রংপুর শহরের সুরভি উদ্যানের সামনের ফুটপাতে পুরোনো কাপড়ের দোকানের পাশে বসে এসব কথা বলেন সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের স্বামীহারা রহিমা বেগম।শুধু রহিমা বেগমই নন, রংপুরের অনেক গ্রামের মানুষই কম্বল ও গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। তারা গরম কাপড়ের জন্য মানুষের কাছে হাত পাতছে।তিস্তা এলাকার রিকশাচালক এরশাদ মিয়া (৩৫) বলেন, ‘দাম বেশি হওয়ায় ছাওয়ার জন্যে গরম কাপড় কিনবার পারি নাই।’ শহরের হনুমানতলার আফরোজা বেগম বলেন, ‘বাচ্চাদের গরম কাপড় কিনতে দুই দিন থেকে ঘুরছি। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। এর পরও কিনতে হবে।’কয়েক দিন ধরে রংপুরে হিমেল হাওয়া বইছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ আগে মন্ত্রণালয়ে ৪০ হাজার কম্বল চেয়ে একটি চিঠি পাঠানো হলেও মাত্র চার হাজার কম্বল পাওয়া গেছে।জেলার আটটি উপজেলা ও তিনটি পৌরসভায় ১২০টি ইউনিয়ন ও ওয়ার্ড রয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ডপ্রতি গড়ে তিন থেকে চারটি কম্বল বরাদ্দ পাওয়ার কথা। মাত্র কয়েকটি নিয়ে বিপাকে পড়বেন বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বরাদ্দ দেওয়া কম্বল নেননি।