‘ছাওয়াটারে নইয়া পানির মধ্যে পইড়া আছি’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ, বল্লভেরখাস ও নুনখাওয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদ। নদের মাঝে তিন ইউনিয়নের তিনটি চর কাটগিরাই নামে পরিচিত। মঙ্গলবার সকালে চরে গিয়ে দেখা যায়, কোমর পানির মধ্যে মঞ্জুরা বেগম চার মেয়ে নিয়ে চকিতে বসে আছেন। কোলে ১৮ দিন বয়সের রশিদা। পাশে মাটির চুলা। মঞ্জুরা জানালেন, স্বামী খইমুদ্দিন (৪৫) কাজে গেছেন। চাল নিয়ে এলে রান্না করবেন। ঘরে কিছুই নেই। তিনি বলেন, ‘চার দিন থাইকা কোমলা ছাওয়াটারে নইয়া পানির মধ্যে পইড়া আছি। ছাওয়া গুইলার হাতে-পায়ে ঘাও হইয়া গেছে।’ সকালে কিছু খেয়েছ কি না জানতে চাইলে মঞ্জুরার মেয়ে খাদিজা (৭) ও শাহিদা (৬) জানায়, পানি দেওয়া ভাত।সরেজমিন দেখা যায়, চারদিকে পানি আর পানি। সামান্য কিছু পাটগাছের পাতা ভেসে আছে। প্রতিটি বাড়িতে পানি উঠেছে। লোকজন নৌকা বা কলার ভেলায় চলাচল করছে। অনেক পরিবার সারা দিন নৌকায় বসবাস ও রান্না করছে। কাটগিরাইচরের বাসিন্দা মকবুল হোসেন ঢাকায় রিকশা চালান। সাত দিন আগে বাড়িতে এসে বন্যার কবলে পড়েছেন। তিনি বলেন, ‘গত বন্যার পানি না শুকাতেই আবার বন্যা। আমাদের অবস্থা খুব খারাপ।’ কৃষক কোরবান আলী (৬৫) বলেন, ‘আট বিঘা জমির ধান সব শ্যাষ হইয়া গেলা। কেমন কইরা চলুম আল্লাই জানে।’কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূর ইসলাম বলেন, মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নুনখাওয়া ইউপির চেয়ারম্যান শাহজামাল জানান, ইউনিয়ন তছনছ হয়ে গেছে। প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘চেয়ারম্যানদের কাছ থেকে বন্যার খোঁজখবর নিচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাইনি।’