‘ছাত্র পেটানোর ঘটনায় আজ তদন্ত কমিটি হবে’
কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ছাত্র পেটানোর ঘটনার তদন্তে আজ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার সকালে ক্লাস শুরুর আগে সমাবেশে (অ্যাসেম্বলি) শতাধিক ছাত্রকে বেত্রাঘাত করেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ। আহতদের মধ্যে তিন ছাত্রকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে গতকাল প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। জানতে চাইলে প্রতিষ্ঠানের সভাপতি (পদাধিকার) কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দিন আহমেদ গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘এটা বড় ধরনের অন্যায়। আজ (শুক্রবার) স্কুল ছুটি। আগামীকাল (শনিবার) ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান বলেন, এ ঘটনার ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তাকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।