'ছাত্রজীবনের সেই দিনগুলো যেন ফিরে পেয়েছি'
‘এখানে এসে মনে হচ্ছে না আমাদের বয়স বেড়েছে। ছাত্রজীবনের সেই পুরোনো দিনগুলো যেন নতুন করে ফিরে পেয়েছি।’ বললেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার আহমদিয়া উচ্চবিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের ছাত্র আবু তাহের।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের শেষ দিনে গতকাল শনিবার তিনিসহ অনেক প্রাক্তন শিক্ষার্থী জড়ো হয়েছিলেন প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে।
শতবর্ষ পূর্তি উদ্যাপন পরিষদ ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আবুল কাশেম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিদারুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে ও উদ্যাপন পরিষদের মহাসচিব শহিদুল আজিম আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম।