'ছাত্ররাজনীতির নামে একটি প্রাণ গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের ঘটনার এক দিন পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্ররাজনীতির নামে, ছাত্রলীগের নামে একটি প্রাণ চলে গেল। চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়রকে এর ‘দায়িত্ব’ নিতে হবে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। তা না হলে সব অর্জন ম্লান হয়ে যাবে।
গতকাল বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি এজাজ ইউসুফী।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র খুনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা কঠোর অবস্থানে আছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিচার তাদের হবেই। শাস্তি তাদের পেতেই হবে। আমি এখানে যে তথ্যগুলো পেয়েছি, সেগুলো প্রধানমন্ত্রীকে জানাব।’
চট্টগ্রামের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি। গত মঙ্গলবার খুন হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য। তিনি আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের একটি পক্ষ মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দায়ী করেছে। মন্ত্রী বক্তব্য দেওয়ার আগেই অনুষ্ঠানের অতিথি মহিউদ্দিন চৌধুরী সভা ছেড়ে যান। তিনি চলে যাওয়ার পর অনুষ্ঠানস্থলে আসেন আ জ ম নাছির উদ্দীন।
ওবায়দুল কাদের বলেন, ‘দুজন (মহিউদ্দিন ও নাছির) পাশাপাশি থাকলে খুব ভালো হতো। মহিউদ্দিন ভাই থাকলে দুজনকে বলতাম, এর দায়িত্ব আপনাদের। সাবেক ও বর্তমান মেয়র আপনাদের এর অবসান ঘটাতে হবে। তা না হলে যত অর্জনই থাকুক, তা ম্লান হয়ে যাবে।’ তিনি বলেন, ছাত্রলীগ না করুক, ছাত্রলীগের নামে হচ্ছে। অনুপ্রবেশকারী যা-ই বলুন, কিন্তু ছাত্রলীগের নামে এটা হচ্ছে। সেই বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারব না। ছাত্রলীগ করার অপরাধে একটি পরিবার সন্তানকে হারাবে। এখানে রাজনীতির প্রতি কারও আকর্ষণ থাকবে?’
মন্ত্রী বলেন, ‘মঙ্গলবার মনোনয়ন বোর্ডের সভা চলাকালে তখন চট্টগ্রামের খবরটি পাওয়ার পর প্রধানমন্ত্রী খুব বিষণ্ন হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি আমাকে খবর নিতে বললেন। পুলিশ থেকে বারবার জানানো হচ্ছিল, চট্টগ্রাম শহর প্রায় অচল হয়ে পড়েছে। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা কেন ঘটবে। কেন এখানে রক্ত ঝরবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে পদ্মা সেতু তৈরি হচ্ছে। কিন্তু রাজনীতিতে কোনো সেতু হচ্ছে না। সাংবাদিকতায় কোনো সেতু তৈরি হচ্ছে না। দেয়াল উঠছে কেবল। আসলে আমাদের রাজনীতিটা ঠিক হয়ে যেত, যদি এই বিভক্তিগুলো না থাকত।’
মন্ত্রী বলেন, ‘জনসংযোগহীন সাংবাদিকতা জনসংযোগহীন রাজনীতির মতোই বিপজ্জনক। জনবিচ্ছিন্ন সাংবাদিকতা জনবিচ্ছিন্ন রাজনীতির মতোই ভয়াবহ। আমরা যারা সাংবাদিকতা করি, যারা রাজনীতি করি, আমাদের কথাগুলো মনে রাখতে হবে।’ সাংবাদিকদের বিভিন্ন দাবির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সৎ সাংবাদিকতা যারা করে, এই লোকগুলো অনেকটা কোণঠাসা। জীবনের শেষ দিনগুলো তাদের মানবেতর কাটে। প্রত্যেকে তো আর ইয়োলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) করে না।’
ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে কাজ করতে হবে। সেই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের। পাশাপাশি জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরতে হবে। তিনি বলেন, ‘সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করা প্রয়োজন। আশা করি সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন বেতন বোর্ড হবে। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ারও আলাদা বেতনকাঠামো হবে।’
সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।