'ছাত্রলীগ করাই চাকরির বড় যোগ্যতা'
যোগ্যতা ছাড়াই ছাত্রলীগের প্রত্যেক কর্মীকে চাকরি দিতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সরকার-সমর্থক নীল দলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আজিজ। রসায়ন বিভাগের এই শিক্ষক বলেছেন, ছাত্রলীগ করাই তাঁদের সবচেয়ে বড় যোগ্যতা।
বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
অধ্যাপক আজিজ বলেন, ‘সাধারণত ছাত্রলীগের নেতা-কর্মীরা আমন্ত্রিত অতিথির কাছে বিভিন্ন দাবি করেন। কিন্তু আজ তাঁদের পক্ষ থেকে আমিই ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে চাকরি দেওয়ার দাবি জানাচ্ছি।’
এর আগে তিনি ছাত্রলীগের ‘থার্ড ক্লাস’ পাওয়া এক নেতার জন্য এক মন্ত্রীর কাছে সুপারিশ করেছিলেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, যাঁরা দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের ভালো ফলাফলের প্রয়োজন নেই।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর তাঁর দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ছাত্রলীগের প্রত্যেকে অবশ্যই চাকরি পাবেন। তবে সেটা তাঁর মেধা, প্রতিভা ও শিক্ষাগত যোগ্যতার জোরে পাবেন; কারও অনুকম্পা বা করুণায় নয়।
বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি দারুস সালামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।