তিনি ছাত্রলীগ করেন, থাকেন হোটেলে। তাঁর ঘোষিত কোনো পেশা নেই, প্রকাশ্য কোনো আয়ও নেই; তবে মাসের খরচ লাখ টাকার বেশি। স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সম্পর্কে এমন তথ্যই পেয়েছে পুলিশ।
গত রোববার গভীর রাতে রাজধানীর মগবাজারের গোল্ডেন এন প্যালেস আবাসিক হোটেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন ইকবাল ও তাঁর সহযোগীরা। ঘটনাস্থল থেকেই ইকবাল ও উজ্জ্বল মিয়া নামে তাঁর এক সহযোগীকে ছুরিসহ গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের শিকার নারী বাদী হয়ে ইকবাল ও উজ্জ্বলকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন৷ মামলায় উল্লেখ করা হয়, উজ্জ্বল ওই নারীর হাত-পা ধরে রাখেন আর ইকবাল তাঁকে ধর্ষণ করেন৷ এরপর মঙ্গলবার ও গতকাল বুধবার দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, ইকবাল পুলিশকে স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। গ্রেপ্তারের পরে তিনি পুলিশকে বলেছিলেন তাঁর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে আর ঢাকায় তিনি কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে থাকেন। পরে খোঁজ নিয়ে দেখা গেছে, দুটি ঠিকানাই ভুয়া। ইকবালের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আর তিনি দীর্ঘদিন ধরে হোটেল গোল্ডেন এন প্যালেসেই থাকতেন৷ ঘটনার দিন রাতে ইকবাল ছিলেন হোটেলের ১০৩ নম্বর কক্ষে৷ আর ঘটনার শিকার দম্পতি ১০৫ নম্বর কক্ষে এসে ওঠে। ওই হোটেলের ব্যবস্থাপক মো. হেলালের সঙ্গেও ইকবালের ঘনিষ্ঠতা ছিল। হেলাল পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
পরিদর্শক সেলিম মিয়া জানান, ইকবালের বিরুদ্ধে রমনা থানায় আগের কোনো মামলা নেই। অন্য থানায় মামলা আছে িক না, জানার চেষ্টা চলছে। ব্যক্তিগত জীবনে ইকবাল বিবাহিত, তাঁর স্ত্রী গ্রামে থাকেন।
ক্ষোভ-উদ্বেগ: ক্ষমতাসীন দলের ছাত্রনেতার দ্বারা গৃহবধূ ধর্ষণের ঘটনায় নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ৷ গতকাল পরিষদের সভাপতি আয়েশা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়৷ বিবৃতিতে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি এবং ঘটনার শিকার নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়৷ একই সঙ্গে নারী নির্যাতনকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধসহ দল থেকে বহিষ্কারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে৷