'ছাত্রলীগকে আর ছাড় নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান তিনি। শাহ আমানত হলের সামনে তাপস সরকার খুন হওয়ার ঘটনাস্থলও পরিদর্শন করেন।
উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে পুলিশ সুপার এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে অনেক ছাড় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কোনো লাভ হয়নি। উল্টো তাঁরা আরও বেপরোয়া হয়েছে। এবার আর ছাড় নয়। তাঁদের কারণে বিশ্ববিদ্যালয়সহ সবার বদনাম হচ্ছে। পুলিশ যদি শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত থাকে তাহলে চট্টগ্রাম জেলা দেখবে কে?’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।