‘ছাত্রহীন’ কলেজে সরকারি টাকায় ছাত্রাবাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ-বাংলাদেশহাট সড়ক হয়ে কিছু দূর এগোলেই চোখে পড়বে চার কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন। এটি মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা রমজান আলীর নামে প্রতিষ্ঠিত ‘রমজান আলী কলেজ’। কলেজটিতে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী নেই, এটি সরকারি এমপিওভুক্তও নয়। এর পরও সেখানে ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিপির অর্থায়নে জেলা পরিষদ ছাত্রাবাস নির্মাণের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শুধু রমজান আলী কলেজের ক্ষেত্রেই নয়, জেলা পরিষদের অধীনে বাস্তবায়নাধীন অনেক প্রকল্প নিয়েই এমন অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা পরিষদের কর্মকর্তারা বলছেন, সাংসদদের ইচ্ছায় এসব প্রকল্প নির্বাচন করা হয়েছে। এতে পরিষদের কোনো হাত নেই। জেলা পরিষদ সূত্র জানায়, ২০১০-১১ সালে এডিপি থেকে এক কোটি ৫৩ লাখ টাকার সাধারণ বরাদ্দ পাওয়া গেছে। বিশেষ বরাদ্দ পাওয়া গেছে আরও ২০ লাখ টাকা। এসব বরাদ্দ থেকে প্রথম দফায় এক কোটি ছয় লাখ টাকায় জেলার সাতটি উপজেলায় ২৩টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জেলা পরিষদ সূত্র জানায়, ২০ লাখ টাকা ব্যয়ে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় অবস্থিত রমজান আলী কলেজের ছাত্রাবাস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে শুধু উচ্চমাধ্যমিক শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে কলেজটি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয় ১২ জন। আগামী বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ৮০ জন এবং প্রথম বর্ষে ভর্তি হয়েছে ৯০ জন। স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষার্থীরা অনিয়মিত। শিক্ষক ও কর্মচারীরা আসেন মাঝেমধ্যে। তবে কলেজের অধ্যক্ষ প্রায় নিয়মিতই উপস্থিত থাকেন। গত মঙ্গলবার প্রথম আলোর এ প্রতিবেদক কলেজে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পান। চার কক্ষবিশিষ্ট একতলা ভবনের দুটিতে অর্ধশত বেঞ্চ পড়ে আছে। কোনো শিক্ষার্থী দেখা যায়নি সেখানে। একটি কক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা খাতুন ও শিক্ষক মিজানুর রহমান শিকদার ছাড়া আর কোনো কর্মচারী ছিলেন না। বাকি একটি তালাবদ্ধ কক্ষে ভাঙাচোরা আসবাব ও আবর্জনার জঞ্জাল চোখে পড়ে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা খাতুন দাবি করেন, সম্প্রতি পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছে না। তবে কলেজটিতে ১৩ জন শিক্ষক, চারজন কর্মচারী ও শ দুয়েক শিক্ষার্থী আছেন। কিন্তু অধ্যক্ষ এসব তথ্যের সমর্থনে কলেজের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দার মতে, প্রায় শিক্ষার্থীহীন কলেজে ছাত্রাবাস তৈরির নামে সরকারি টাকার অপচয় হচ্ছে। অথচ করার মতো গুরুত্বপূর্ণ কত কাজ পড়ে আছে। মানিকগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. শহিদুর রহমান বলেন, ‘বরাদ্দ পাওয়ার পর সাংসদদের ইচ্ছায় প্রকল্প চিহ্নিত করা হয়। এ ক্ষেত্রে জেলা পরিষদের কোনো ভূমিকা থাকে না। তাই আমাদের ইচ্ছা থাকলেও অনেক জরুরি ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা সম্ভব হয় না।’মেয়র রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘এটা আমার কলেজ। সরকার বরাদ্দ দিয়েছে। তাই কাজ হচ্ছে।’ তিনি দাবি করেন, তাঁর কলেজে পর্যাপ্তসংখ্যক ছাত্র আছে। নিয়মিত ক্লাসও হয়।