'ছাত্রীসম' প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিজিতের বাবা

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার করতে ‘ছাত্রীসম’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন তাঁর বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায়। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অভিজিতের প্রতি মুক্ত ও প্রগতিশীল চিন্তার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায়সহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অজয় রায় তাঁর ছেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই শোকার্ত মুহূর্তে আমার কথা বলার ক্ষমতা নেই। তবে আমার মনে হয়, মৌলবাদী ও ইসলামি জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে। এ হত্যাকাণ্ড সরকারের একটি ব্যর্থতার প্রতীক। কারণ, মৌলবাদীরা যখন তাঁকে হত্যার হুমকি দিচ্ছিল, তখন আমি আইজিপি, ডিআইজি—সবাইকে জানিয়েছিলাম। তার পরও এ হত্যাকাণ্ড প্রমাণ করে, তারা কত দরিদ্র, কত ব্যর্থ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এ শিক্ষাবিদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ছাত্রীসম। প্রধানমন্ত্রীকে বলব, দুষ্কৃতিকারীদের মূলোৎপাটনের জন্য ব্যবস্থা নিন।’ তিনি জানান, ঢাকার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল তাঁর বাসায় গিয়েছিল। তারা বলেছে, সরকার চাইলে এফবিআই এ ঘটনা তদন্তের ক্ষেত্রে সহায়তা করবে। কারণ, তারা সরকারের অনুমতি ছাড়া তো সরাসরি তদন্ত করতে পারে না। তিনি জামায়াতে ইসলামীসহ সব জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান।
সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে অভিজিৎ রায়ের মরদেহ প্রথমে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম চলে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্ত ও প্রগতিশীল চিন্তার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও মানুষ। অভিজিতের বাবা অজয় রায় তাঁর ছেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দুপুর ১২টার দিকে অভিজিতের মরদেহ টিএসসির যেখানে তাঁর ওপর হামলা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। তবে মরদেহবাহী অ্যাম্বুলেন্স থেকে অভিজিতের মরদেহ নামানো হয়নি। হামলাস্থলের যে অংশ পুলিশ ঘিরে রেখেছে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। দুপুর সোয়া ১২টার দিকে অভিজিৎ রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বড় মগবাজারের ইস্টার্ন হাউজিংয়ের বাসায়। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ বেলা একটার দিকে গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজের কাছে হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী অভিজিৎ (৪৩) গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। তাঁর স্ত্রীকেও কুপিয়ে আহত করে তারা।
অভিজিৎ হত্যা মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে শাহবাগ থানার কাছ থেকে মামলার নথিপত্র ডিবি গ্রহণ করেছে।