'ছাত্র-শিক্ষক সম্পর্ক নিবিড় করতে হবে'
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহি রহমান বলেছেন, সরকার মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ফি পুনর্নির্ধারণ বিষয়ে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক সভায় অতিরিক্ত সচিব রুহি রহমান এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে গতকাল বুধবার সকালে এ সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে সভায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহান এবং চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বক্তব্য দেন।
সভায় অতিরিক্ত সচিব আরও বলেন, মন্ত্রী ও সচিবদের অভিভাবকেরা যেকোনো বিষয়ে দেখা করতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কেন পারবেন না? শিক্ষার মান বাড়িয়ে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সম্পর্ক আরও নিবিড় করতে হবে।