'ছাল-বাকল সব উইট্যা গ্যাছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর–খালগোড়া বেহাল সড়কের ছবিটি মহিপুর থানার সামনে থেকে তোলা l প্রথম আলো
পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর–খালগোড়া বেহাল সড়কের ছবিটি মহিপুর থানার সামনে থেকে তোলা l প্রথম আলো

সড়কের পাশে নিজ বাড়ির সামনে কাজ করছিলেন মমতাজ বেগম। সড়কের বেহাল অবস্থার প্রসঙ্গ তুলতেই ক্ষোভ ঝাড়ার সুযোগ লুফে নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নজিবপুর গ্রামের এ বাসিন্দা বলেন, ‘পায়ে হাঁটার অবস্থাও নাই। দ্যাহেন না রাস্তার ছাল-বাকল সব উইট্যা গ্যাছে। এইডা রাস্তা না, কইতে পারেন মরণ ফাঁদ।’
উপজেলার মহিপুর ইউনিয়নের মহিপুর মৎস্য বন্দর থেকে খালগোড়া পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য মাত্র পাঁচ কিলোমিটার। তবে পর্যটন, মাছের আড়ত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকটি কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক।
২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থান থেকে বিটুমিন উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বের হয়ে গেছে ইটের খোয়া ও বালু। ধুলাবালিতে এলাকা একাকার। তা ছাড়া এ সড়কটির কোনো কোনো অংশের মাটি ভেঙে নেমে গেছে। ফলে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা মহিপুর বন্দরের থানা, বন বিভাগ ও পুরোনো টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে এবং নজিবপুর গ্রাম এলাকায়।
নজিবপুর গ্রামের কাছে সড়কের দক্ষিণ পাশে শিববাড়িয়া নদীর তীরে রয়েছে অনেকগুলো মাছের আড়ত, বরফকল, ডকইয়ার্ড ও নানা ধরনের যন্ত্রাংশের কারখানা। সড়কের পশ্চিম দিকের খালগোড়া এলাকায়ও রয়েছে মাছের আড়ত ও শুঁটকি প্রক্রিয়াকরণের কয়েকটি কারখানা। ফলে প্রতিদিন বহু ট্রাক ও পিকআপ এ সড়ক দিয়ে চলে। তবে বর্তমানে যানবাহন সড়কের গর্তে আটকে যায়।
নজিবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আবদুস ছোবাহান বলেন, এই রাস্তা দিয়ে ছেলেমেয়েরা মহিপুর বন্দরের মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ও মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে যাতায়াত করে। এলাকার অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। অথচ সড়কটি দুই-তিন বছর ধরে বেহাল অবস্থায় আছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) অনেকবার বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই।
এলজিইডির কলাপাড়া কার্যালয় সূত্রে জানা গেছে, মহিপুর বন্দর-খালগোড়া সড়কের পাঁচ কিলোমিটারের মধ্যে প্রায় চার কিলোমিটার ১৯৮৯-৯০ অর্থবছরে নির্মাণ করা হয়। এরপর আর কোনো সংস্কারের মুখ দেখেনি সড়কটি। বাকি এক কিলোমিটার এখনো কাঁচা সড়ক।
সড়কটির প্রতি কেন এত অবহেলা, এমন প্রশ্নের জবাবে উপজেলা প্রকৌশলী মো. আবদুল মান্নান মুঠোফোনে বলেন, ‘পাউবোর বাঁধের ওপর সড়কটি তৈরি করা হয়েছে। পাউবো উপকূলের বাঁধগুলো মাটি ফেলে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বাঁধটিও উঁচু করা হবে বলে আমাদের জানানো হয়েছে। ফলে এখনই সড়কটি সংস্কার করতে পারছি না। পাউবোর কাজ শেষ হলেই সড়কটি সংস্কার করে দেব।’
পর্যটকদের কাছেও মহিপুর বন্দর-খালগোড়া সড়কটির গুরুত্ব রয়েছে। পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসা লোকজন সহজে টেংরাগিরি বা ফাতরার বনে যাতায়াতে এ সড়ক ব্যবহার করে। পর্যটকেরা গাড়ি নিয়ে প্রথমে খালগোড়া পর্যন্ত যান। সেখান থেকে নৌকায় চড়ে সহজেই ফাতরার বনে যাওয়া যায়।
তবে সড়কটিতে এখন হাঁটার অবস্থাও নেই। সে কথা জানালেন নজিবপুর গ্রামের বাসিন্দা জামাল হোসেন। তিনি বলেন, ‘গ্যাছে বর্ষার আগে গ্রামবাসী নিজেরা অর্থ খরচ কইর্যা গর্ত ঠিক করছেল। বর্ষায় সব ধুইয়া নাইম্যা গ্যাছে। অ্যাহন মোগো চলাফেরা করাই কষ্টকর।’