'ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়েটা সকালবেলা আমার কাছে বিদায় নিয়ে সমাপনী পরীক্ষা দিতে গেছে। ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু কী করব! ওর মা তো যেতে চাচ্ছে না। এ জন্য মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে পাসপোর্ট করে ওদের দেখতে আসব।’
গতকাল রোববার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে কথাগুলো বলেন পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত নাজিরগঞ্জ ছিটমহলের মঙ্গলু বর্মণ (৪০)। গতকাল দুপুরে তিনি জেলার চিলাহাটির হলদিয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
তিনি বলেন, তাঁর জমিজমা কিছু নেই। ভারতে গেলে সেখানকার সরকার জমি দেবে, ঘর দেবে, টাকা দেবে এবং কাজও দেবে—এ আশায় সবকিছু ছেড়ে তিনি ভারতে যাচ্ছেন। কিন্তু তাঁর স্ত্রী বাসন্তী রানী রায় ভারতে যেতে চাননি। এ কারণে স্ত্রী বাসন্তী, মেয়ে লক্ষ্মী রানী (১১) ও ছেলে পাপষ বর্মণ (৬)-এর নাম ভারতের তালিকায় নিবন্ধন করা যায়নি। তবে তাঁর মা সরবালার (৬০) নাম ভারতের তালিকায় নিবন্ধন করা হয়েছে।
পঞ্চগড় ও নীলফামারী নাগরিক অধিকার সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। এখন মঙ্গলুর স্ত্রী-সন্তানদের কী হবে। তাঁদের কোনো জায়গাজমিও নেই। ওই কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ‘বাচ্চা দুটোর জন্য খুব খারাপ লাগছে।’ সরকার যদি থেকে যাওয়া মা ও শিশুদের জন্য কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে পরিবারটি উপকৃত হবে বলে তিনি মত প্রকাশ করেন।