'ছিনতাইকারী শুধু জীবন ফিরাই দিসে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নাজিয়া আহমেদ নিসা। সোমবার বিকেলে মদিনা মার্কেট এলাকা থেকে এক সহপাঠীর সঙ্গে রিকশায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন। বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে পৌঁছার পর একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁদের রিকশার গতিরোধ করে। এক যুবক নাজিয়ার গলায় ছুরি ধরে বলতে থাকে, ‘সঙ্গে যা কিছু আছে দিয়ে দিতে বলে, নইলে মেরে ফেলা হবে।’ তখন নাজিয়া তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে মুঠোফোন ও কিছু টাকা দিয়ে দেন।

ছিনতাইয়ের ঘটনার পর নাজিয়া ফেসবুক স্ট্যাটাস লেখেন, ‘ছিনতাইকারী সব নিয়া গেসে, শুধু জীবন ফিরাই দিসে।’

এর আগে গতকাল রোববার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদ এ সালাম। এরই মধ্যে আজ বিকেলে নাজিয়া ছিনতাইয়ের শিকার হন।

নাজিয়া প্রথম আলোকে বলেন, ‘মাহিদ ভাইয়ের ছিনতাইকারীদের হাতে প্রাণ দেওয়ার বিষয়টিতে এমনিতেই আমরা মর্মাহত ছিলাম। ছিনতাইকারী ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেওয়ার পর সবকিছু দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি প্রক্টরিয়াল বডি জেনেছে। আমরা তাঁর মুঠোফোনের আইএমইআই নম্বর পুলিশকে দিয়েছি। পুলিশ ছিনতাইকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।’

এদিকে দুটি ছিনতাইয়ের ঘটনা ও এক শিক্ষার্থীর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়ার দাবি করেন।