ছিনতাইয়ের সময় ব্যবহূত পিস্তলটি নকল বুঝতে পেরে এক ছিনতাইকারীকে জাপটে ধরেছিলেন সাইদুল ইসলাম। এর পরই ছিনতাইকারী দলের এক সদস্য তাঁকে ছুরিকাঘাত করে।চট্টগ্রাম নগরে সাইদুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ এ কথা জানায়। গত রোববার গভীর রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে সাইদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে নগরের কোতোয়ালি থানার মেহেদীবাগের জহুর আহমদ চৌধুরী সড়কে ছুরিকাঘাতে নিহত হন সাইদুল ইসলাম (২৫)। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং ‘ছুটি’ নামের একটি ব্যান্ডের গিটারবাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: দেলোয়ার হোসেন (২৭), আক্তার হোসেন (২৩), জহিরুল ইসলাম (৩৮), মামুনুর রহমান (২২), মনির হোসেন (২৮) ও রেশমা বেগম (২২)। তাঁদের মধ্যে দেলোয়ার, মনির ও জহিরুল গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।পুলিশ সূত্র জানায়, ছিনতাইয়ের কাজে ব্যবহূত নকল পিস্তলটি পুড়িয়ে আলামত নষ্টের চেষ্টা করায় দেলোয়ারের স্ত্রী রেশমাকে গ্রেপ্তার করা হয়। নির্মাণশ্রমিক মনির হোসেন সাইদুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোনের ক্রেতা। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে মুঠোফোন সেট, দুটি ছোরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের কাজে ব্যবহূত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ছোরা ও নকল পিস্তলের ভয় দেখিয়ে মুঠোফোন ও টাকা কেড়ে নেওয়ার পর সাইদুল সড়কের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এর পরই ছিনতাইকারীরা অন্য এক রিকশাযাত্রীর পথরোধ করে ছিনতাই করছিল। এ সময় পিস্তলটি নকল বুঝতে পেরে সাইদুল দেলোয়ারকে জাপটে ধরেন। কিন্তু ছিনতাইয়ের কবলে পড়া অন্য রিকশাযাত্রী ভয়ে পালিয়ে যান। দেলোয়ারকে ছাড়িয়ে নিতে আক্তার সাইদুলকে ছুরিকাঘাত করে। গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনার পরে ভোর ছয়টা পর্যন্ত সাইদুলের দেহ ঘটনাস্থলে পড়েছিল। ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সাইদুলের পরিবার পরদিন থানায় হত্যা মামলা করে। পরিদর্শক সদীপ কুমার বলেন, ছিনতাই করা নকিয়া ই-৫২ মডেলের মুঠোফোনটি মনির হোসেনের কাছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করে ছিনতাইকারীরা।গ্রেপ্তার আক্তারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, ছিনতাইকারীরা ওই রাতে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মেহেদীবাগ এলাকায় ছিনতাইয়ের জন্য ঘোরাঘুরি করছিল। এ সময় রিকশায় চড়ে সাইদুলকে যেতে দেখে অনুসরণ করে জহুর আহমদ চৌধুরী সড়কের ইক্যুইটি ফেয়ারি নামের ভবনের কাছে গতিরোধ করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা সবাই দিনে অন্য পেশায় নিয়োজিত থাকেন আর রাতে ছিনতাই করেন।