‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
রাজধানীর রমনায় গতকাল রোববার রাতে ‘ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে মিল্টন বড়ুয়া (১৭) নামের এক ছাত্র মারা গেছে। আহত হয়েছে অপর এক ছাত্র। পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। মিল্টন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিল। স্থানীয় সূত্র বলছে, ছুরিকাঘাতকারীরা ছিনতাইকারী। পুলিশ বলছে, নিহত ছাত্র ও গ্রেপ্তার যুবকের বাসা মালিবাগে। ঘটনার সূত্রপাত ছিনতাই না অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে মো. রায়হান ও মো. সমিন নামের দুই বন্ধুসহ মিল্টন অফিসার্স ক্লাবের সামনে দোকানে চা খাচ্ছিল। তার ব্যবহূত মোটরসাইকেলটি ছিল সড়কের পাশে। হঠাৎ দুই যুবক মোটরসাইকেলটি চালিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা তাদের ধরতে যায়। এ সময় যুবকেরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মিল্টন ও রায়হান গুরুতর আহত হয়। চিৎকার শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. রুবেল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে। অন্যজন মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে মিল্টন মারা যায়।রমনা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।