'ছিনতাইকারী' ধরতে গিয়ে নিজের গুলিতে আহত কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট কারে করে পালিয়ে যাচ্ছিল সন্দেহভাজন একদল যুবক। তাঁদের আটকাতে গুলি ছোড়েন রমনা থানার কনস্টেবল মাহবুব আলম। কিন্তু গুলিটি চাকার স্টিলের পাতে লেগে ফিরে আসে। এতে তিনি নিজেই আহত হন। অবশ্য পরে পুলিশ গাড়িসহ তিন যুবককে আটক করে। রমনা থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গত দুইটার দিকে রমনা থানার সবজিবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিন যুবক ছিনতাইকারী। আহত পুলিশ কনস্টেবলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, আটক তিন যুবক হলেন আবদুস সাত্তার (৩২), মোহাম্মদ সুমন (২৭) ও তাওহীদুল ইসলাম (৩০)। তাঁদের কাছ থেকে প্রাইভেট কারসহ একটি মুঠোফোন, একটি ভ্যানিটি ব্যাগ, তিন হাজার টাকা, দুটি থ্রিপিস ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।