‘ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই’
ছেলে হত্যাকারীদের বিচার দেখে যেতে আজও বেঁচে আছেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মামুনের বৃদ্ধ বাবা-মা। দিনটি এলেই একমাত্র ছেলেকে হারানোর বেদনায় বাবা-মায়ের চোখে পানি যেন আর ধরে না। বোনেরা তাদের একমাত্র ভাইকে হারিয়ে শোকে মুহ্যমান। অভাব-অনটন, কান্না আর হতাশা নিয়ে বেঁচে আছে পরিবারটি। পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর গ্রামের দরিদ্র পরিবারের ছেলে মামুন মৃধা পড়াশোনা করতে ভর্তি হয়েছিল ঢাকার কবি নজরুল কলেজে। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন সেদিন (২০০৪ সালের ২১ আগস্ট) গিয়েছিল শেখ হাসিনার জনসভায়। দাঁড়িয়েছিল একদম মঞ্চ ঘেঁষে। আচমকা গ্রেনেড হামলা, অসংখ্য স্প্লিন্টার ঢুকে নিথর, নিশ্চল করে দেয় মামুনকে। সঙ্গে গরিব বাবা-মায়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। বাবার ইচ্ছা ছিল, ছেলে বড় হয়ে সংসারের ভার কাঁধে নেবে। তার বদলে সেই ছেলের মরদেহ কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কবর দিতে। মামুনের বড় বোন ময়নার বিয়ে অনেক আগেই হয়েছে। মামুনের মৃত্যুর পর তত্কালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা পরিবারটিকে এক লাখ টাকা এবং মেজ বোন ঝুমুরের বিয়ের সময় দিয়েছিলেন ২৫ হাজার টাকা। সেজ বোন রুনাকে বিয়ে দেওয়া হয়েছে ধারদেনা করে। বর্তমানে ছোট বোন তুলি নবম শ্রেণীতে পড়াশোনা করছে। দশমিনার আলীপুর গ্রামের করাতকলশ্রমিক মোতালেব মৃধার একমাত্র ছেলে মামুন। ২০০৩ সালে স্থানীয় আলীপুর বি বি রায় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ভর্তি হয় ঢাকায়। সেখানে চাচা আলী হোসেনের দোকানে খণ্ডকালীন চাকরি করে ও গৃহশিক্ষকের কাজ করে নিজের পড়ার খরচ চালাত মামুন। পাশাপাশি পরিবারকেও সাহায্য করত।মামুন মৃধার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মামুন স্মৃতি সংসদ গ্রামের স্লুইজ বাজারে আজ শনিবার কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। বাবা মোতালেব মৃধা (৬২) বলেন, ‘আমার শেষ ইচ্ছা একটাই, মৃত্যুর আগে যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারি। ঢাকায় প্রায় ২০ বছর স মিলে (করাতকল) কাজ করেছি। এখন ছেলের কবরের টানে গ্রামে চলে এসেছি। যখন যে কাজ পাই তাই করতে হয়। এভাবে কোনোমতে সংসার চলছে।’