'ছেলেকে ফিরে পাওয়াই বড় পাওয়া'
‘ছেলেকে ফিরে পেয়েছি। এর চেয়ে বড় পাওয়া, বড় আনন্দ পৃথিবীতে আর কিছু নেই।’
‘অপহৃত’ হওয়ার প্রায় সাত মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা মুহাম্মদ ইকবাল মাহমুদের বাসায় ফিরে আসার প্রতিক্রিয়ায় তাঁর বাবা এ কে এম নুরুল আলম এসব কথা বলেন।
গতকাল বুধবার রাতে লক্ষ্মীপুর শহরের সদর হাসপাতাল এলাকার বাসায় ফেরেন ইকবাল।
নুরুল আলম বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি অটোরিকশায় করে বাসায় ফেরেন ইকবাল। তার আগে তাঁকে কে বা কারা একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুর পৌরসভার নতুন গরুহাটা এলাকায় নামিয়ে দেয়। এ সময় ইকবালের চোখ বাঁধা ছিল।
নুরুল আলম বলেন, ইকবাল জানিয়েছেন, অপহরণের পরপরই তাঁর চোখ বেঁধে ফেলা হয়। অপহরণের পর এই সাত মাস কোথায় ছিলেন, তা জানেন না তিনি। কারা তাঁকে অপহরণ করেছিল, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই।
নুরুল আলম বলেন, বাসায় ফেরার পর ইকবাল একান্তে বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো বলেই মনে হয়েছে।
ছেলের অপহৃত হওয়া ও ফিরে আসা নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কথা বলতে চাননি নুরুল আলম। তিনি বলেন, ইকবালকে ফিরে পেয়ে তাঁরা আনন্দিত, উচ্ছ্বাসিত। এখন আর এ নিয়ে কথা নয়।
নুরুল আলম বলেন, মধ্যরাতে ইকবালকে বাসার দরজায় দেখে তাঁরা সবাই বিস্মিত হয়ে যান। বিশ্বাসই করতে পারছিলেন না যে ইকবাল ফিরে এসেছেন। অপহৃত ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ বর্ণনাতীত। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।
২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে ইকবাল মাহমুদ অপহৃত হন।
ওই সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রয়েল কোচ নামে একটি বাস সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ধানমন্ডি ১ নম্বর রোডের কাছে এসে থামে। ইকবাল ওই বাস থেকে নেমে দাঁড়ান। সঙ্গে সঙ্গে সাত-আটজন তাঁকে ঘিরে ধরে। তাঁকে খুব দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় তারা। মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও যেতে দেখা যায়।
ইকবাল ২৮তম বিসিএস পাস করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কাজ শুরু করেন। সেখান থেকে তিনি কুমিল্লা মেডিকেল কলেজে বদলি হন। গত বছরের ১০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবেদনবিদ্যায় (অ্যানেসথেশিয়া) দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকায় আসেন। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক।
আরও পড়ুন: