‘ছেলেটাকে দেখি মরবার চাই’
‘মোর ছাওয়াটাক তোমরা আনি দেও, বাবা। ছওয়ার চিন্তায় ওর বাপ মরি গেইছে। কুন দিন ব্যা মুই মরি যাম।’ কান্নাজড়িত কণ্ঠে এ আকুতি জানাচ্ছিলেন ১০ বছর ধরে ভারতের কারাগারে আটক আশিক ইকবালের মা মজিদা বেগম। আশিকের বাবা মুক্তিযোদ্ধা আবুল হোসেন ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ডিগ্রি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আশিক ইকবাল সব সময় বন্ধুদের নিয়ে মেতে থাকতেন। ২০০০ সালে ১১ ডিসেম্বর ৩১ জন বন্ধুসহ ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ বাজারে যাত্রা দেখতে যান। যাত্রাপালা প্যান্ডেলে চা খাওয়ার সময় স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর চা খেয়ে আবার যাত্রা দেখতে থাকেন। এরপর বিএসএফ ওই ৩১ জনকে আটক করে। সেই রাতে ১৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরদিন পতাকা বৈঠকের মাধ্যমে আশিক ইকবালকে রেখে অন্য ১৭ জনকে বিডিআরের হাতে তুলে দেওয়া হয়। আশিকের বাবা আবুল হোসেন ছেলেকে ছাড়িয়ে আনার জন্য প্রশাসনের সর্বস্তরে চেষ্টা চালিয়ে সফল হননি। ২০০৬ সালের ২৭ জানুয়ারি তিনি মারা যান। দীর্ঘ ১০ বছর ছেলের জন্য অপেক্ষা করে আছেন মা মজিদা (৫৮)। কাঁদতে কাঁদতে তাঁর চোখের পানি শুকিয়ে গেছে। সরকার আসে যায়, কিন্তু তাঁর ছেলে ফেরে না।আশিক ইকবালের বাড়িতে গিয়ে জানা গেছে, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় আশিক বর্তমান ভারতের কোচবিহার জেলে আটক আছেন। ছোট বোন তৌহিদা আফরিনের বিয়ে হয়েছে রংপুরে। সবার ছোট তৌহিদুল ইসলাম রংপুরে বোনের বাসায় থেকে লেখাপড়া করছে। পুরো বাড়ি সুনসান। সংসারে উপার্জন করার মতো কেউ নেই। বসতভিটা ছাড়া অসহায় পরিবারটির আর কিছুই নেই।বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয় পেয়ে হাত ধরে কাঁদতে থাকেন মজিদা বেগম। কিছুক্ষণ পর জড়িয়ে ধরে বলেন, ‘তুই আমার ছেলেকে আনি দে।’ এরপর ছেলের ছবি এনে বলেন, ‘এই মোর সোনা, বুকের ধন। ওরা ধরি জেলত থুইছে। আমি যে আর পারি না, বাবা। ছেলেটাক দেখি মরবার চাই।’ছোট ভাই তৌহিদুল ইসলাম শোকে কাতর। ছোট বেলায় দেখা ভাইয়ের বর্তমান ছবি দেখে নিজের চেহারার সঙ্গে মেলানোর চেষ্টা করে। পারে না। ভাইয়ের জন্য একা একা কান্নাকাটি করে। তবে মাকে কোনোভাবে বুঝতে দেয় না। গত বছরের ৩ জানুয়ারি তার মা ভাইকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।