'ছেলের খুিনদের বিচার চাই'
‘আমি আমার ছেলের খুনিদের বিচার চাই। যাতে কোনো মাকে ভবিষ্যতে খুন হওয়া ছেলের মৃতদেহ দেখতে না হয়৷’
বান্দরবান প্রেসক্লাব চত্বরে গতকাল শনিবার মানববন্ধনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন খুন হওয়া মনিরুজ্জামান ওরফে কালুর ৮১ বছরের বৃদ্ধা মা মাবিয়া খাতুন।
বান্দরবান জেলা শহরের মেম্বারপাড়ায় কালু গত ১৯ এপ্রিল িনজের বাসায় খুন হন। ঘটনার পর পুলিশ কালুর স্ত্রী রহিমা বেগমকে (৫৫) গ্রেপ্তার করলেও খুনির সহযোগীদের গ্রেপ্তার না করার অভিযোগে মেম্বারপাড়াবাসী মানববন্ধনের আয়োজন করেন।
সকাল ১০টায় মেম্বারপাড়ার নারী ও পুরুষেরা মানববন্ধনের জন্য জড়ো হতে থাকেন। এতে বক্তব্য দেন মেম্বারপাড়া এলাকার পৌর কাউন্সিলর গীতা রানী বিশ্বাস, শফিকুল ইসলাম, আবিদুর রহমান, রূপন দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, জমির লোভে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন কালুকে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিন্তু থানা থেকে মাত্র কয়েক শ গজ দূরত্বে কালু হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ এখনো রহিমা ছাড়া কাউকে গ্রেপ্তার করেনি।
পৌর কাউন্সিলর গীতা রানী বিশ্বাস খুনির সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেছেন, স্ত্রী স্বামীকে একাই হত্যার দাবি করলে পুলিশ তা সুবোধ বালকের মতো বিশ্বাস করার বিষয়টি সত্যি রহস্যজনক।
মৃত্যুর আগে কালু এসপির কাছে জাল দলিল সৃষ্টি করে তাঁর ঘনিষ্ঠ একজন জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন।
১৭ ফেব্রুয়ারি কালু ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, ‘টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। ওরা আমাকে মেরে ফেলার জন্য চাকু (ছুরি) নিয়ে আসে। ভাগ্যক্রমে বেঁচে যাই।’