'ছোট ছোট ভাইবোনরে লইয়া কেমনে বাঁচুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কঠিন অসুখে প্রায় বিনা চিকিৎসায় চার মাস আগে মা মারা গেল। আব্বু অন্যের জমিতে বদলা দিয়া যা পাইত, হেইয়া দিয়া আমাগো সংসার কোনোমতে চলত। হেই আব্বুও ডাকাইতের গুলিতে মরল। অহন আমাগো কী অইব? কেমনে ছোট ছোট ভাইবোনরে লইয়া বাঁচুম!’ গতকাল বুধবার সকালে আর্তনাদ করতে করতে বলছিল স্কুলছাত্রী রীনা আক্তার।
রীনার (১৫) বাবা শাহজাহান হাওলাদার (৪৫) গত রোববার গভীর রাতে পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে ডাকাতের গুলিতে মারা যান। রীনাদের বাড়ি একই ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর গ্রামে।
গতকাল সকালে তাদের বাড়ি গেলে রীনা প্রথম আলোকে জানায়, চার বোন ও এক ভাইয়ের মধ্যে সে তৃতীয়। সে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। বড় বোন খাদিজা বেগমের বিয়ে হয়ে গেছে। মেজো বোন ফরিদার বিয়ে হয়েছে এক বছর আগে। কিন্তু টাকার অভাবে এত দিনেও মেয়েকে তুলে দিতে পারেননি হতদরিদ্র শাহজাহান। ছোট বোন হামিদা আক্তার পড়ে সপ্তম শ্রেণিতে। আর সবার ছোট ভাই আবু বকর ছিদ্দিকী (১০) পড়ে মাদ্রাসায়। তাদের নিজের জমি নেই। তাই বাবা শাহজাহান অন্যের জমিতে কাজ করতেন। এতে যা রোজগার হতো, তা দিয়েই খেয়ে না-খেয়ে কোনো রকমে চলত তাদের সংসার। কিন্তু রোববার প্রতিরোধ করতে গিয়ে ডাকাতের গুলিতে শাহজাহান নিহত হওয়ার পর তাঁর ছেলেমেয়েদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
সে রাতের বর্ণনা দিতে গিয়ে রীনা কাঁদতে কাঁদতে বলে, ‘ডাকাত পড়ছে। চিৎকার শুইন্যা আব্বু ডাকাত ধরতে দৌড়াইয়া গেছিল। আর ফিরে নাই। ফিরছে তাঁর লাশ। এত দিন কাজ কইরা আমাগো লেখাপড়া করাইছে। এখন আমাগো কী হইব!’
রীনারা দুই বোন এলাকার আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ওরা দুই বোনই লেখাপড়ায় ভালো। তবে বাবার মৃত্যুর পর ওদের যাতে লেখাপড়া বন্ধ হয়ে না যায়, এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবর শরীফ বলেন, শাহজাহান খুব সাহসী লোক ছিলেন। ডাকাতের গুলিতে তাঁর এই মৃত্যু মানা যায় না। পরিবারটি বেকায়দায় পড়ে গেছে। এলাকার লোকজন মিলে কীভাবে তাঁর সন্তানদের সহযোগিতা দেওয়া যায়, সেই চেষ্টা চলছে।
ভাইবোনদের নিয়ে রীনা এখন একই এলাকায় তার বড় চাচা আলাউদ্দিন হাওলাদারের বাড়িতে আশ্রয় নিয়েছে। আলাউদ্দিন বলেন, ‘অভিভাবক ছাড়া ওই বাড়িতে ছেলেমেয়েগুলোর থাকাটা নিরাপদ নয়। তাই ওদের এখন আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। তবে ওদের ভবিষ্যৎ যে কী হবে, জানি না।’