'ছোট সমস্যার' সমাধান মেলেনি পাঁচ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ মাস ধরে বন্ধ বনানীর পদচারী–সেতুর চলন্ত সিঁড়ি l প্রথম আলো
পাঁচ মাস ধরে বন্ধ বনানীর পদচারী–সেতুর চলন্ত সিঁড়ি l প্রথম আলো

‘ছোট’ দুটি সমস্যার কারণে পাঁচ মাস ধরে বন্ধ আছে বনানীর পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি।
সিঁড়িটির পরিচালনার দায়িত্বে থাকা হরাইজন টেকনো লিমিটেড সূত্র জানায়, গত ২৮ মে চলন্ত সিঁড়ির পূর্ব পাশের কাচের একটি অংশ ভেঙে যায়। এরপর সিঁড়ির ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। আর ক্ষয়ের কারণে গত ২৩ জুলাই নষ্ট হয়ে যায় পশ্চিম অংশের একটি যন্ত্রাংশ। তখন থেকে বন্ধ ওই অংশটিও।
হরাইজন টেকনোর সহকারী ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, সমস্যাটি খুবই ছোট। ভেঙে যাওয়া কাচের দাম ৩৫ হাজার টাকা। এটি তাঁদের সংগ্রহে আছে। ডিএনসিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে যেকোনো মুহূর্তে লাগানো যাবে। আর নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ লেদ মেশিনে কাটিয়ে আনতে ২৫ হাজার টাকার মতো লাগবে। ওয়ার্কশপে এটি কাটাতে চার দিনই যথেষ্ট। তিনি বলেন, যেদিন যে যন্ত্রাংশ নষ্ট হয়েছে, সেদিনই তা লিখিতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এর কোনো লিখিত জবাব দেয়নি। মৌখিকভাবে তারা প্রয়োজনীয় জিনিস সংযোজন করে সিঁড়িটি চালু করে দিতে বলেছিল। কিন্তু এর আগেও মৌখিকভাবে কাজ করে তাঁরা সমস্যায় পড়েছেন। তাই এবার আর তাঁরা মৌখিক নির্দেশে কাজ করেননি।
এ বিষয়ে ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোল্লা মোহাম্মদ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দাপ্তরিক নিয়ম মেনে কাজ করতে হচ্ছে বলে চলন্ত সিঁড়ি চালু করতে দেরি হচ্ছে। এ ছাড়া বিকল যন্ত্রাংশ প্রতিস্থাপনের বিষয়টি চুক্তিতে না থাকায় আমরা এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাজারদর সংগ্রহ করছি।’ তিনি আরও বলেন, ‘মানুষ কষ্ট পাচ্ছে, আমরাও বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে প্রতিদিন কাজ করছি। আশা করছি কিছুদিনের মধ্যে সিঁড়ি চালু করে দিতে পারব।’
ডিএনসিসি সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় ২০১৪ সালে বনানীর এই চলন্ত সিঁড়ি বসানো হয়। পরে সিঁড়িটি ডিএনসিসিকে বুঝিয়ে দেওয়া হয়। হঠাৎ কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটি কীভাবে পরিবর্তন করা হবে, সে বিষয়ে সিঁড়ি পরিচালনার দায়িত্বে থাকা হরাইজন টেকনোর সঙ্গে কোনো চুক্তি হয়নি। এতে নষ্ট হওয়া যন্ত্রাংশ স্বল্প সময়ে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।