'ছোট্ট বীরদের' বড় সংবর্ধনা

ঝলমলে রোদ। চারদিকে সাজসাজ রব। ফুলে ফুলে সাজানো মঞ্চ। অন্তত ১০ কিলোমিটার রাস্তার দুই পাশে খুদে শিক্ষার্থীরা। সবার হাতে ফুল। এ আয়োজন কোনো মন্ত্রী-এমপিকে বরণ করতে নয়, একটু পরই বরণ করা হবে ‘ছোট্ট বীরদের’। এই বীরেরা হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়েরা।
গত মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩-২ গোলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজয়ী দলকে স্বাগত জানাতে গতকাল বুধবার সকাল থেকে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী মোড়ে। সঙ্গে যোগ দেয় দুটি কলেজের শিক্ষার্থীরা। চৌমুহনী মোড়ে পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনার মঞ্চ তৈরি করা হয়। বেলা দেড়টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। শুরুতে বক্তব্য দেন বিজয়ী রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুচ্ছফা। তিনি বলেন, ‘এমন আয়োজন কোনো মন্ত্রীর আগমনেও দেখিনি। এত সম্মান, এত ভালোবাসা জীবনে পাইনি। গত টুর্নামেন্টেও আমরা রানারআপ হয়েছিলাম। এবার চ্যাম্পিয়ন...’একপর্যায়ে তাঁর চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরতে শুরু করে।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামাল হোসেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ‘পেকুয়ার স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা সভা এটি। তোমরা আমাদের বীর। তোমাদের জন্য পেকুয়াবাসী গর্বিত।’
ইউএনও মারুফুর রশিদ খান বলেন, ‘জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তোমরা পেকুয়াকে ভালো করে চিনিয়ে দিয়ে এসেছ। তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমরা আমাদের গর্ব।’
প্রতিক্রিয়া জানায় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক মো. আবিদ হাসান। সে বলে, ‘আমরা জয় ছিনিয়ে এনেছি পেকুয়াবাসীর জন্য। আপনারা যে সংবর্ধনা দিয়েছেন, জীবনে কখনো ভুলব না। আমরা আপনাদের কাছে ঋণী।’