‘ছোট পাখি’র ভাষার স্কুল
টিলার ওপর টিনের চালের একটি ঘর থেকে শিশুদের মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ছে চারপাশে। ঘরটির ভেতর একদল শিশু বেঞ্চে এবং আরেক দল মেঝেতে পাতা চাটাইয়ে বসে মাথা দুলিয়ে পড়ছে। তাদের সবার সামনে একটি বই। বইটির নাম খাসি ল্যাঙ্গুয়েজ সেন্টার বুক: কি সিম রিত। আদিবাসী খাসি ভাষায় কি সিম রিত-এর অর্থ হচ্ছে ‘ছোট পাখি’। ছোটপাখিরাই এই ঘরের প্রাণ। সেই ভোরবেলা ঘুম ঘুম চোখে টিলার উঁচু-নিচু পথ বেয়ে এরা ছুটে আসে এই ঘরটিতে স্থাপিত ইছাছড়া পুঞ্জি খাসি মাতৃভাষা শিক্ষাকেন্দ্রে।আদিবাসী খাসি (খাসিয়া), ইছাছড়া পুঞ্জি খাসি মাতৃভাষা শিক্ষাকেন্দ্র ও আদিবাসীদের নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিডিএস (ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস) সূত্রে জানা গেছে, আদিবাসী খাসি সম্প্রদায়ের লোকজন নিজেদের মধ্যে মাতৃভাষায় কথা বলে থাকে। কিন্তু তাদের বেশির ভাগই মাতৃভাষায় পড়তে বা লিখতে জানে না। মাতৃভাষা নিয়ে ধারাবাহিক চর্চা না থাকায় খাসিদের মাতৃভাষায় পঠন-পাঠনের অভ্যাস হারিয়ে যাওয়ার পথে। খাসিদের মাতৃভাষা চর্চার অভ্যাস তৈরি করতে গত জুন মাসে আইপিডিএস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পানপুঞ্জিতে ইছাছড়া পুঞ্জি খাসি মাতৃভাষা শিক্ষাকেন্দ্র চালু করে। ২৩ জুলাই শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, অর্ধশত ছাত্রছাত্রী কি সিম রিত নামের বইটি থেকে বর্ণমালা শিখছে। কেউ ‘পোয়েত্রি’ (খাসি ভাষায় কবিতার প্রতিশব্দ) পাঠ করছে। পোয়েত্রিটি এমন ‘কো মেই কো পা/ বা ইয়েত জং ঙা/ ফি তুম ফি ঙা/’। অর্থাৎ শিশুরা মা-বাবাকে বলছে, আমরা যখন ছোট ছিলাম, তখন থেকেই তোমরা আমাদের আদরে লালনপালন করেছ।এই শিক্ষার্থীরা সকাল সাতটায় আসে। ছুটি হয় সাড়ে নয়টায়। সপ্তাহে শনি ও রোববার বন্ধ থাকে। এই শিক্ষাকেন্দ্রের সব ছাত্রছাত্রীই সম্প্রতি সরকারি হওয়া ইছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এরা বাংলা ও ইংরেজি ভাষার অক্ষর পড়তে-লিখতে পারলেও এত দিন মাতৃভাষায় পড়তে-লিখতে পারত না। শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা হাসিনা সুঙা জানান, এখানে ৪৫ জন ছাত্রছাত্রী আছে।পঞ্চম শ্রেণীপড়ুয়া ওই শিক্ষাকেন্দ্রের ছাত্র গ্লেসপি ডিখার এবং এ কি কংথরেম প্রথম আলোকে জানাল, তারা ঘরে মাতৃভাষায় কথা বলে। কিন্তু পড়তে ও লিখতে পারে না। এখন পড়তে ও লিখতে শিখছে। আইপিডিএসের কর্মসূচি সহায়তাকারী তৃষ্ণা ক্রিস্টিনা রিসিল খাসি ভাষায় কেন্দ্রের শিক্ষার্থীদের উদ্দেশে কিছু বললেন। কেন্দ্রের শিক্ষার্থী ইভা সুঙা সেটা ভাষান্তর করে জানাল, তিনি (তৃষ্ণা ক্রিস্টিনা রিসিল) বলেছেন, ‘তোমরা ভালোভাবে পড়ো। আমরা যেন পড়ালেখা করে বড় হই। অফিসে কাজ করতে পারি।’শিক্ষিকা হাসিনা সুঙা বলেন, ‘বছর দশেক আগে আমি যখন ছোট ছিলাম। তখন একটা স্কুল ছিল। সেখানে আমি মাতৃভাষা শিখেছিলাম। এরপর সেটি বন্ধ হয়ে যায়। নতুন করে একটি স্কুল খোলায় খুব খুশি হয়েছি। আমি যতটুকু জানি, তা যদি তাদের শেখাতে পারি, তারাও আমার মতো মায়ের ভাষা পড়তে ও লিখতে পারবে।’ইছাছড়া পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জির প্রধান) এবং ইছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেনারেলদার প্রথম আলোকে বলেন, ‘স্কুলটি হওয়ায় খুব ভালো লাগছে। আমাদের ভাষা, ঐতিহ্য ভুলে যাওয়ার পথে। আইপিডিএসকে ধন্যবাদ স্কুলটা এনে দেওয়ার জন্য।’ মন্ত্রী জানান, ইছাছড়া পুঞ্জিতে ৪৬টি আদিবাসী পরিবারের প্রায় আড়াই শ সদস্য বসবাস করছে। এদের সবার পেশাই পান চাষ।আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারী জয়ন্ত লরেন্স রাকসাম প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু করলাম। সরকারি স্কুলে খাসি ভাষা পাঠের ব্যবস্থা ও খাসি শিক্ষক নিয়োগ দিলে এই প্রক্রিয়াটি একটি স্থায়ী রূপ পেতে পারে।’