'ছোট ভাইরা' শিক্ষক তাঁরা এখনো শিক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা পড়ালেখার পাট চুকিয়ে ক্যাম্পাস ছেড়েছেন তিন থেকে চার বছর আগে। এমনকি তাঁদের এক বছর পর ভর্তি হওয়া প্রায় সব বিভাগের শিক্ষার্থীরাও বের হয়ে গেছেন এক থেকে দুই বছর আগে। সহপাঠী ও জুনিয়রদের কেউ কেউ এখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন। কিন্তু তাঁরা এখনো শিক্ষার্থী।
এই দুর্দশায় পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সেস বিভাগের যাত্রা শুরু। প্রথম দিকে এই বিভাগে স্নাতক শ্রেণী পর্যন্ত পাঠদান করা হতো। এর ফলে স্নাতক পাস করে শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি নিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করতেন। কিন্তু যাঁরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে পারেননি, তাঁরা বসে ছিলেন। ২০১১ সালে এ বিভাগে স্নাতকোত্তর শ্রেণীর কার্যক্রম শুরু হলে বসে থাকা শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হয়। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণীতে তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তাঁদের মধ্যে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে পুরোনো। তাঁরা দুই বছরেরও বেশি সময় স্নাতকোত্তর শ্রেণী চালু হওয়ার অপেক্ষায় ছিলেন।
বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলেন, পাঁচ বছরের জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করতে তাঁদের নয় বছর লেগে যাচ্ছে। এতে তাঁরা অনেক পিছিয়ে পড়ছেন। মূলত স্নাতকোত্তর শ্রেণী শুরু হওয়ার দীর্ঘসূত্রতার কারণেই তাঁরা এই দুর্দশার মধ্যে পড়েছেন।
এ প্রসঙ্গে বিভাগের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূলত স্নাতকোত্তর শ্রেণী চালু হতে দেরি হওয়ায় এত দিন লাগছে তাঁদের। আমরা দ্রুত তাঁদের ক্লাস ও পরীক্ষা শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জানা গেছে, গত তিন বছরে এ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ শিক্ষাবর্ষে পাস করা দেড় শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তাঁদেরই একজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মেদ। তিনি ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। হেলাল উদ্দিন বলেন, কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বন্ধুদের জন্য আমাদের খারাপ লাগে। আমার শিক্ষকতার বয়স এখন তিন বছরের কাছাকাছি। কিন্তু তাঁরা এখনো শিক্ষার্থী।