‘ছোটদের বাংলাপিডিয়া’ আনল এশিয়াটিক সোসাইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশে উপনিবেশ স্থাপনকারী দেশগুলো প্রথম কখন এল, কীভাবে স্বাধীন হলো বাংলাদেশ, অতিকায় প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসর কেনই বা হঠাৎ করে হারিয়ে গেল—এ রকম বিচিত্র ধরনের তথ্যে ঠাসা ‘ছোটদের বাংলাপিডিয়া’ বের করল এশিয়াটিক সোসাইটি। স্থানীয় এশিয়াটিক সোসাইটি এর আগে বের করেছে বাংলাদেশ সম্পর্কে বিশেষায়িত জ্ঞানকোষ বাংলাপিডিয়া। এবার শিশু-কিশোরদের জ্ঞানতৃষ্ণা মেটাতে তাদের উপযোগী সংস্করণ প্রকাশ করল সংস্থাটি। গতকাল বুধবার নিজেদের মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করে সোসাইটি।অনুষ্ঠানে জানানো হয়, ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের দিকে লক্ষ রেখেই ‘ছোটদের বাংলাপিডিয়া’ প্রকাশ করা হয়েছে। নবীন পাঠকদের কাছে জ্ঞানচর্চার বিষয়টি আকর্ষণীয় করে তুলতে চার রঙে ছাপা হয়েছে এটি। ‘বাংলাদেশ ও বিশ্ব’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নামের দুই খণ্ডের ছোটদের বাংলাপিডিয়ার দাম রাখা হয়েছে দুই হাজার টাকা। তবে আট শতাধিক পৃষ্ঠার এই বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটি থেকে কিনলে দেড় হাজার টাকায় পাওয়া যাবে। প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ছোটদের বাংলাপিডিয়া কম দামে সারা দেশের বিদ্যালয়গুলোতে দেওয়া যায় কি না, তাঁর মন্ত্রণালয়ে সে বিষয়ে আলোচনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ছোটদের বাংলাপিডিয়া’ আসলে শুধু ছোটদের নয়, বড়দেরও। কারণ, যত ধরনের তথ্য এতে সন্নিবেশিত হয়েছে, তা থেকে ছোটদের পাশাপাশি বড়রাও উপকৃত হবেন।অনুষ্ঠানের সভাপতি এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, সরকারের আর্থিক সহায়তা পেলে বইটি আট রঙে প্রকাশ করা সম্ভব হবে। জ্ঞানকোষটির বিভিন্ন দিক তুলে ধরেন সম্পাদক আহমেদ আবদুল্লাহ জামাল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠান এ প্রকাশনায় অর্থায়ন করেছে বলে জানানো হয়।