‘ছোডরা পতিবন্ধী অওনে বড় মাইয়ার বিয়া অয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার তিনডা পোলামাইয়াই পতিবন্ধী (প্রতিবন্ধী)। দুইডার শইল এয়াবেয়া, আরেকটার বুদ্ধিসুদ্ধি নাই। তবু সরকার আমাগো ভাতা দেয় না। বড় মাইয়াডা বালা। তয় ছোডরা পতিবন্ধী অওনে বড় মাইয়াডার বিয়া অয় না। ছোডগুলা দেইক্কা হেরা (ছেলেপক্ষ) বড়ডারেও হেমনই মনে করে। বেশি টেয়া চায়। টেয়া দিমু কইতন? এলিগা বিয়াও দিতাম পারি না।’কথাগুলো দিনমজুর আবদুল হান্নানের (৫০)। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মিরাকান্দি গ্রামে। তাঁর চার সন্তানের তিনজনই আজন্ম প্রতিবন্ধী। সম্প্রতি প্রথম আলোর এই প্রতিনিধির কাছে নিজ বাড়িতে দুঃখের কথাগুলো বলেন হান্নান।হান্নানের কোনো জমি নেই। ছোট্ট একটি খুপরিঘরে পরিবারের ছয় সদস্য গাদাগাদি করে থাকে। হান্নান বলেন, ‘আমার ছেলে সুমন (১৬), মাইয়া মাহমুদা (১২) জন্ম থেইক্কাই পতিবন্ধী। আরেক ছেলে সোহানের (১৫) বুদ্ধিসুদ্ধি নাই। বালা কইরা কতাও কইতে পারে না। কেল চাইয়া থায়ে। এগো ছোডকালে কবিরাজ দেহাইছিলাম। কাম অয় নাই। টেয়া-পইসার লইগা বালা ডাক্তারও দেহাইতে পারি নাই। দুই বেলা খাইতেই পাই না, আবার ডাক্তার! ’ তিনি বলেন, ‘বড় মাইয়ার বয়স ২২। কেলাস সিক্সে পইড়া এহন বন্ধ। মাইয়াডার বিয়া নিয়াই চিন্তা।’ হান্নানের স্ত্রী রওশন আরা বলেন, ‘পোলাপাইন বেতাল অওয়ায় আশপাশের মানুষও আমাগো এলা করে। মিশতে চায় না। কেউ সাহায্য করতেও আইয়ে না। পতিবন্ধী অওন কি পাপ?’প্রতিবেশী আনোয়ার হোসেনের স্ত্রী শিরীনা বেগম বলেন, ‘হেগো সবারই সমস্যা। কমবেশি সবাই পতিবন্ধী। আমরা মিল্লামিশ্যাই চলি। সাহায্য করুম কোতথেকে। নিজেরাই তো খাইতে পাই না।’ গ্রামের যুবক বশির আল হেলাল বলেন, এদের অবস্থা সত্যিই করুণ। অনেকে ছোঁয়াচে রোগ মনে করে তাদের সঙ্গে মিশতে চায় না। এরা অনেকটা একঘরে। চেয়ারম্যান-মেম্বারদের জানিয়েও কোনো কাজ হয়নি।ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘একই পরিবারে তিনজন প্রতিবন্ধীর খবরটি জানি না। দেখি, তাদের জন্য কিছু করতে পারি কি না।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মীর হান্নান মুঠোফোনে বলেন, ‘আমাদের কাছে প্রতিবন্ধীর তালিকা দেওয়ার দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের। একই পরিবারের তিনজন প্রতিবন্ধীর তালিকা পাইনি। এ জন্য ভাতা দেওয়া হয়নি। তালিকা পাঠালে দেব।’