‘ছোলটারে দেখি মরবার চাই’
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে মাহফুজুর রহমান (১৬) নামের এক কিশোর এক বছর ধরে ভারতের দক্ষিণ দিনাজপুরের (বালুরঘাট) শুভায়ন অবজারভেশন হোমে বন্দী দিন কাটাচ্ছে। তার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে।মাহফুজের বাবা আবদুল মালেক জানান, গত ১০ আগস্ট বালুরঘাট আদালত মাহফুজকে বাংলাদেশে পাঠানোর রায় দেন। তিনি অভিযোগ করেন, ‘আমার ছেলে এক বছর ধরে বন্দী হয়ে থাকলেও প্রশাসনের সদিচ্ছার অভাবে সে বাড়ি ফিরতে পারছে না।’মাহফুজের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে ছোট মাহফুজ। গত এসএসসি পরীক্ষায় মাহফুজের অংশ নেওয়ার কথা ছিল। পরিবারের সবার কাছে সে ছিল আদরের। ঠিকমতো লেখাপড়া না করায় গত বছরের ১২ জুন বাবাসহ পরিবারের লোকজন তাকে বকুনি দিলে মাহফুজ স্থানীয় একটি কোচিংয়ে পড়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত পাড়ি দিয়ে চলে যায় ভারতে। ওই দিন রাতে মাহফুজের বাবা জানতে পারেন তাঁর ছেলেকে ভারতের বালুরঘাট পুলিশ আটক করেছে। মাহফুজের মা ফাহিমা বেগম বলেন, ‘ছোলটারে মোর কাছোত আনি দেও, মুই একবার দেখি মরবার চাই। আর কুনো দিন মোর বাবাক কেউ কিচু বলবার নাও।’ বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দীন মণ্ডল বলেন, ভারতে আটক থাকায় মাহফুজ চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। হাকিমপুর থানার ওসি হেলাল উদ্দীন বলেন, ‘এ ব্যাপারে থানা থেকে তদন্ত করে দিনাজপুর পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এত দিন ধরে ছাড়া না পাওয়ার তো কারণ দেখি না।’ভারতের দক্ষিণ দিনাজপুরের (বালুরঘাট) শুভায়ন অবজারভেশন হোমের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট দিলীপ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘মাহফুজকে ফেরত পাঠানোর সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন।’