লালমনিরহাট জেলা জাদুঘরের উদ্যোগে প্রকাশিত জেলার একমাত্র পুঁথিগ্রন্থ জগতের মোসলেম কীর্ত্তি হজ্জে বায়তুলালাহ-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গতকাল শুক্রবার শহরের পূর্ব থানাপাড়ায় অবস্থিত জাদুঘরে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে মন্ত্রী জি এম কাদের বলেন, ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত একটি জাদুঘরের পক্ষ থেকে বিলুপ্তপ্রায় একটি পুঁথিগ্রন্থ প্রকাশ করা সামাজিক দায়িত্ব পালনের উদাহরণ হয়ে থাকবে। তিনি এ ধরনের প্রতিষ্ঠানকে সবার সহযোগিতা করার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিজুল হক বীর প্রতীক, নজরুল ইসলাম মণ্ডল, ময়জুল ইসলাম ও নজরুল ইসলাম রাজু। এতে সভাপতিত্ব করেন জাদুঘরের প্রতিষ্ঠাতা ও গ্রন্থের প্রকাশক আশরাফুজ্জামান মণ্ডল সবুজ। বক্তব্য দেন ফেরদৌসী রহমান বিউটি, আবদুর বর সুজন, এন্তাজুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ।লালমনিরহাটে পুঁথি-সাহিত্যের একমাত্র নমুনা হাজি খৈমুদ্দি সরকারের লিখিত জগতের মোসলেম কীর্ত্তি হজ্জে বায়তুল্লাহ গ্রন্থের পাণ্ডুলিপিটি এত দিন অপ্রকাশিত ছিল। ১৯৭১ সালের ২ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হন খৈমুদ্দি সরকার। ২০০৯ সালের ২৭ মার্চ তাঁর ছেলে মজিবর রহমান সরকারের কাছ থেকে পাণ্ডুলিপিটি প্রকাশের লিখিত অনুমতি গ্রহণ করে জেলা জাদুঘর কর্তৃপক্ষ। গত মাসে তা বই আকারে প্রকাশ করা হয়। এই পুঁথি গ্রন্থটি লালমনিরহাট জেলা জাদুঘরের ২১তম প্রকাশনা।২০০৬ সালের ২ সেপ্টেম্বর প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদন লালমনিরহাটে সবুজের জাদুঘর প্রকাশিত হওয়ার পর ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সবুজকে প্রথম আলো-গ্রামীণফোন সম্মাননা দেওয়া হয়।