‘জগৎজ্যোতির ক্ষয় নেই ঘাতকদের ক্ষমা নেই’
সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার কালো পতাকা মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ।গত শনিবার রাতে সিলেট নগরের আখালিয়া এলাকায় জগৎজ্যোতি তালুকদারকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। ছাত্রশিবিরের সশস্ত্র একটি দল তাঁকে হত্যা করেছে বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা অভিযোগ করেছেন। জগৎজ্যোতি তালুকদার ছিলেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চের নিয়মিত মুখ। প্রতিদিন তরুণদের নিয়ে মঞ্চে আসতেন তিনি। মঞ্চের সংগঠক ও দলীয় সহকর্মীদের অভিযোগ, এ কারণে জামায়াত-শিবিরের খুনি চক্র তাঁকে হত্যা করে।সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গতকাল বেলা দেড়টায় শোক মিছিল বের হয়। এতে গণজাগরণ মঞ্চের কর্মীসহ জগৎজ্যোতির রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। কোর্ট পয়েন্ট ঘুরে মিছিলটি আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে ‘জগৎজ্যোতির ঘাতকদের ক্ষমা নেই, জগৎজ্যোতির ক্ষয় নেই’ স্লোগানসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে জগৎজ্যোতির খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে ৭ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করা হয়।যুবলীগ ও ছাত্রলীগের মহানগর কমিটির উদ্যোগে গতকাল দুপুরে নগরে শোক র্যালি হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, মহানগর সভাপতি সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা এতে অংশ নেন। পুলিশ জানায়, নগর পুলিশের কোতোয়ালি ও জালালাবাদ থানার দুটি দল জগৎজ্যোতির খুনিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এতে অগ্রগতি হয়েছে জানিয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জগৎজ্যোতি হত্যার প্রতিবাদে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রসায়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সেক্টর কমান্ডারস চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াসউদ্দিন বিশ্বাস, লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম। পরে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল বের করেন। নগরের আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা জগৎজ্যোতি সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।