'জঙ্গি অর্থদাতা' বললেও পরিচয় মেলেনি চার দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় র‍্যাবের অভিযানের সময় গত শনিবার রাতে পাঁচতলা থেকে পড়ে নিহত সন্দেহভাজন জঙ্গির পরিচয় চার দিনেও উদ্‌ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও র‍্যাব বলছে, নিহত ব্যক্তি সাম্প্রতিক সব জঙ্গি হামলার অর্থের জোগানদাতা।

একই দিনে গাজীপুর ও টাঙ্গাইলে পুলিশ-র‍্যাবের অপর তিনটি অভিযানে নিহত ১১ জনের মধ্যে ছয়জনের পরিচয় এখনো মেলেনি। তাঁদের লাশ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

র‍্যাবের কর্মকর্তারা বলছেন, আশুলিয়ার ওই বাড়িতে র‍্যাব অভিযান চালাতে গেলে টের পেয়ে ওই ব্যক্তি গ্রিল কেটে পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ওই বাসা থেকে তিন শিশুসন্তানসহ নিহত ব্যক্তির সন্তানসম্ভবা স্ত্রী শাহনাজ আক্তারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৩০ লাখ টাকা।

তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির প্রকৃত নাম-পরিচয় জানা যায়নি। যদিও ওই দিন র‍্যাবের পক্ষ থেক বলা হয়েছিল নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান। এখন র‍্যাবের কর্মকর্তারা বলছেন, ওই বাসা থেকে যে মেশিন রিডেবল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়েছে, তাতে ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। পাসপোর্ট, লাইসেন্স ও জন্ম সনদ জাল নয়। কিন্তু যাচাই করতে গিয়ে দেখা গেছে, তাঁর পাসপোর্টে ব্যবহৃত স্থায়ী ঠিকানাটি ভুয়া। আর পাসপোর্ট করার সময় তিনি জাতীয় পরিচয়পত্র দাখিল না করে জন্মনিবন্ধন সনদ উপস্থাপন করেছিলেন।

র‍্যাবের কর্মকর্তারা বলেন, পাসপোর্টে উল্লিখিত ঠিকানায় গিয়ে দেখা গেছে, বাবা-মা হিসেবে যাঁদের নাম লেখা রয়েছে তাঁদের অস্তিত্ব রয়েছে, কিন্তু নিহত ব্যক্তি তাঁদের ছেলে নন। রকিবুল নামে তাঁদের এক ছেলে আছেন, যিনি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এখন কারাগারে।

র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাসপোর্ট করার সময় পুলিশের বিশেষ শাখা (এসবি) ঠিকানা যাচাই করে। এ ক্ষেত্রে কিসের ভিত্তিতে যাচাই প্রতিবেদন দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশুলিয়ার ওই বাসা থেকে আরও দুটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়, যার একটিতে নিহত ব্যক্তির ছবি থাকলেও নাম লেখা নাজমুল হোসেইন। আরেকটিতে নাজমুল হোসেইন নামসহ একই তথ্য থাকলেও ছবি আরেকজনের।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। তাঁর স্ত্রী শাহনাজ আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আশুলিয়া থানার পুলিশ।

এদিকে আশুলিয়া থানার পুলিশ গতকাল জানায়, শাহনাজ আক্তারের কাছ থেকে এখন পর্যন্ত পুলিশ কোনো তথ্য পায়নি।

শাহনাজের বাবার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকারহাটে। শাহনাজের বাবার নাম আবদুর রহমান। শাহনাজের মা সফুরা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গার্মেন্টসে চাকরি নিয়ে ঢাকায় চলে যনে। সাত-আট বছর আগে এক ছেলেকে বিয়ে করে বাড়ি এসেছিলেন। স্বামীর নাম বলেছিলেন মোক্তারুল ইসলাম, বাড়ি বগুড়ায়। তিনিও গার্মেন্টসে চাকরি করেন। এরপর আর কখনো বাড়ি আসেননি।