'জঙ্গি ঘটনায়' বারবার আলোচনায় ঝিনাইদহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি-সংক্রান্ত ঘটনায় বারবার আলোচনায় আসছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। গত এক মাসে জেলার চারটি স্থানে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে দুজন নিহত এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন বিস্ফোরক উপকরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নিহত ও গ্রেপ্তার ব্যক্তিরা ‘নব্য জেএমবি’র সদস্য।

একসময় কথিত বাম চরমপন্থীদের দাপট ছিল এই জেলায়। সেখানে কীভাবে ধর্মের নামে উগ্র গোষ্ঠী ঘাঁটি গাড়ল, তা বুঝে উঠতে পারছেন না এখানকার রাজনীতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

ঝিনাইদহে জঙ্গিগোষ্ঠীর অস্তিত্বের বিষয়টি প্রথম আলোচনায় আসে গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে এবং ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর। ওই দুটি হামলার পর খবর বের হয়, গুলশানে হামলাকারীদের একজন নিবরাস ইসলাম এবং শোলাকিয়ায় হামলায় অংশগ্রহণকারী আবির ইসলাম উভয় হামলার মাস চারেক আগে ঝিনাইদহ শহরের সোনালি পাড়ার একটি বাসায় ছিল। তাদের সঙ্গে আরও ছয়জন ছিল বলে বাড়ির
মালিক পরে প্রথম আলোকে জানিয়েছে।

যদিও গুলশান হামলার আগের সাত মাসে ঝিনাইদহে চারটি হত্যার ঘটনা ঘটে। চারটি ঘটনারই দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। এর মধ্যে রয়েছে ধর্মান্তরিত খ্রিষ্টান ও হোমিও চিকিৎসক সমীর উদ্দিন খাজা, শিয়া মতাদর্শে বিশ্বাসী ও হোমিও চিকিৎসক হাফেজ আব্দুর রাজ্জাক, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি, সেবায়েত সামানন্দ দাসকে হত্যা। সর্বশেষ ঘটনা হলো সামানন্দকে হত্যা। গত বছরের ১ জুলাই সকালে তাঁকে হত্যা করা হয় এবং ওই দিন রাতে ঢাকায় হলি আর্টিজানে হামলা হয়।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের ১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় প্রায় একই কায়দায় একের পর এক ভিন্নমতাবলম্বীকে হত্যা করে জঙ্গিরা। ঝিনাইদহও এর বাইরে ছিল না। তখনই এসব ঘটনায় জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করা হলেও ঝিনাইদহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কেবল আইএসের দায় স্বীকারকে নাকচ করে দায় সেরেছেন। কিন্তু কোনো ঘটনা উদ্‌ঘাটন কিংবা এই জেলায় জঙ্গিদের অবস্থান চিহ্নিত করতে পারেননি।

এসব হত্যার নয় মাস পর অন্য জেলায় গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহে চারটি আস্তানার সন্ধান পায় পুলিশ ও র‍্যাব। প্রথমটি অভিযান চালায় গত ২১ এপ্রিল ঝিনাইদহ শহরের অদূরে পোড়াহাটি গ্রামে ধর্মান্তরিত আবদুল্লাহর বাড়িতে। সেখান থেকে বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে পুলিশ। এরপর ৫ মে ঝিনাইদহ পলিটেকনিকের ছাত্র শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর ৭ মে জেলার মহেশপুরের বজরাপুর গ্রামে আরেকটি আস্তানার খোঁজ পায়। সেখানে পুলিশের অভিযানের সময় নিহত হন ধর্মান্তরিত আবদুল্লাহ ও পার্শ্ববর্তী গ্রামের তুহিন বিশ্বাস। আটক করা হয় বাড়ির মালিক জহুরুল হক ও তাঁর ছেলে জসিম উদ্দিনকে। পরদিন ৮ মে সদর উপজেলার লেবুতলায় শামিমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

সর্বশেষ গত ১৫ মে গ্রাম থেকে পুলিশের অভিযানে নিহত তুহিন বিশ্বাসের ভাই সেলিম রেজা ও তার চাচাতো ভাই প্রান্ত হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এরপরের দুদিন অভিযান চালিয়ে তাদের বাড়ির আশপাশ থেকে সুইসাইড ভেস্ট ও বিস্ফোরক উদ্ধারের তথ্য জানায় র‍্যাব।

ঝিনাইদহে ধর্মের নামে উগ্রপন্থীদের তৎপরতার ঘটনায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ আলেম-ওলামারাও। এ কথা জানিয়েছেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জঙ্গি-সংক্রান্ত কোনো ঘটনা ঘটলেই সবাই হুজুরদের সন্দেহ করে। তাদের দৃষ্টিই অন্য রকম হয়ে যায়। এটা খুব অস্বস্তিকর।’

অস্বস্তির কথা জানান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদও। তিনি বলেন, তাঁর জেলায় কে কখন কীভাবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়াচ্ছে, সে বিষয়ে তাঁরা কিছুই বুঝতে পারছেন না। যারা মানুষদের জঙ্গিবাদে জড়াতে উদ্বুদ্ধ করছে, তাদের শনাক্ত করা জরুরি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল ইসলাম মনে করেন, জামায়াতে ইসলামী প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে না পেরেই নানাভাবে এসব কাজে ইন্ধন দিচ্ছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানও মনে করেন, জামায়াত-শিবিরই রং পাল্টিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। তিনি প্রথম আলোকে বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগের বহুমাত্রিক সুবিধার কারণে জঙ্গিরা এ জেলাকে বেছে নিয়েছে। এখান থেকে আশপাশের চারটি জেলার যাতায়াত সুবিধা রয়েছে। ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তকে জঙ্গিরা বিস্ফোরক সংগ্রহসহ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকতে পারে।