'জঙ্গি তৈরির পরিবেশ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে'
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা জঙ্গি তৈরির পরিবেশ সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টাউন হলের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করা হয়। সম্মিলিত লেখকসমাজ এর আয়োজন করে। কর্মসূচিতে কবি, নাট্যকার, নাট্যশিল্পী, সংগীতশিল্পী ও লেখকেরা অংশ নেন। মানববন্ধনে কবিতা পাঠ করা হয়। এতে কবি এ কে এম শহীদুর রহমান সভাপতিত্ব করেন।
নীলফামারী: ‘জঙ্গি-জামায়াত একই জাত, রুখব এবার জঙ্গিবাদ’ স্লোগানে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুব গণসমাবেশ হয়। জেলা যুবলীগ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘জঙ্গি তৈরির পরিবেশ যারা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন।
দিনাজপুর : বীরগঞ্জ উপজেলা প্রশাসন ইমাম, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করে। এতে কাহারোল-বীরগঞ্জ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি ছিলেন। সভায় ইউএনও মোহাম্মদ আলম হোসেন সভাপতিত্ব করেন।
গাইবান্ধা: দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ। বিকেেল শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম। দুপুরে বিক্ষোভ ও সমাবেশ করে কমিউনিস্ট পার্টির জেলা শাখা।
লালমনিরহাট: বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সদর উপজেলার তিস্তা সড়ক সেতু থেকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ১৩০ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন হয়। জেলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এর আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন, জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): বাউড়া ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধন করেন।