'জঙ্গি নির্মূল করা গেলে ইয়াবা ব্যবসা কেন নির্মূল করা যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে জঙ্গিদের স্থান হবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, জঙ্গিদের নির্মূল করা গেলে, ইয়াবা ব্যবসা কেন নির্মূল করা যাবে না। গতকাল বুধবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অবশ্য কয়েক বছর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায় সাংসদ বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়। ওই তালিকায় তাঁর ১৭ জন আত্মীয়ের নাম আছে।
ইয়াবা পাচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে গতকালের অনুষ্ঠানে সাংসদ বদি বলেন, ‘ইয়াবার কি হাত-পা রয়েছে! তা না হলে কীভাবে নাফ নদী, প্রজেক্ট, বেড়িবাঁধ ও বিভিন্ন ধরনের বাগানে শুধু পরিত্যক্ত ইয়াবা বড়ি পাওয়া যায়? এই ইয়াবার মালিক কারা? এই ব্যবসার সঙ্গে জড়িতদের কি কখনো খুঁজে বের করেছে?’
টেকনাফ সাংবাদিক ইউনিটির অভিষেক উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমদ, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, থানার ওসি (অপারেশন) শফিউল আজম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, নুরুল হুদা, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলার ইউপির চেয়ারম্যান এইচ কে আনোয়ার, সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ প্রমুখ।