বাঙালি জাতিসত্তার শত্রুরা মুক্তচিন্তার মানুষ, ব্লগার, শিক্ষক, সাংবাদিক, পীর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের হত্যা করছে। সম্প্রতি জঙ্গিবাদী ঘাঁটি নির্মূলের অগ্রনায়ক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রীকে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যা করে বাঙালি জাতিসত্তাকে হুমকি দিয়েছে। এই হুমকি মোকাবিলায় প্রতিটি পাড়া-মহল্লায় জঙ্গি ও জামায়াত-শিবিরের অস্তিত্বের শেকড় উৎপাটনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী পরিবারের কেউ জামায়াত-শিবির করলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাকে নিতে হবে। একজন আওয়ামী লীগ নেতা বা কর্মীর ঘরে কীভাবে বিএনপি-জামায়াতের অস্তিত্ব গড়ে উঠতে পারে, সেটা ভেবে দেখতে হবে।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একটি বিরূপ পরিস্থিতিতে বাঙালির স্বশাসন প্রতিষ্ঠায় ছয় দফাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল ছাত্রলীগ। কেননা, বঙ্গবন্ধুর ঘোষণার সময় তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধুর পাশে ছিলেন না। ছাত্রলীগ তখন এই ঝুঁকি নিয়েছিল। ৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে বঙ্গবন্ধু জহুর আজিজকে সঙ্গে নিয়ে প্রথম প্রকাশ্যে ছয় দফার ঘোষণা দেন। সেদিনও ছাত্রলীগ বঙ্গবন্ধুর পাশে ছিল।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান।
আলোচনা সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা নিয়ে আওয়ামী লীগের মধ্যেই ছয় দফাপন্থীরা ছিলেন সংখ্যালঘু। ওই সময় ছাত্রলীগের নেতারা বঙ্গবন্ধুকে ভরসা জুগিয়েছিলেন। তাৎক্ষণিক ডাকা ছাত্রলীগের জরুরি সভায় ছয় দফা অনুমোদন দেওয়া হয়। এরপর একই বছরে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রবল বিরোধিতা সত্ত্বেও ছয় দফা অনুমোদিত হয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং জাতীয় উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন, তা আমরা অনুধাবন করতে পারছি না। তাঁর পিতার মতোই তিনি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন।’
উত্তর জেলা: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী লীগ আরেকটি আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। আলোচনায় অংশ নেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঈনউদ্দিন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও রাউজানের পৌর মেয়র দেবাশীষ পালিত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।