'জঙ্গিদের বিচারের আওতায় আনা নৈতিক দায়িত্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোলাকিয়া ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেছেন, জঙ্গিবাদের বিষয়ে কোনো বিরোধী দল থাকতে পারে না। জঙ্গিদের বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌরসভার চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুচিন্তা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদ উদ্দীন মাসউদ আরও বলেন, বাংলাদেশের ১০ হাজার নারী আলেমসহ এক লাখ আলেম জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা পৃথিবীর কোনো দেশ পারেনি। এখন ইসলামের নামে অপব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।
সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সিরাজ উদ দৌলাহ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বোখারী আজম।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।