'জঙ্গিবাদ ও র্যাব' নিয়ে খাদ্যমন্ত্রীর দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

জঙ্গিবাদ দমন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও এটা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতসহ যে সব সুশীল সমাজ র‌্যাবের বিলুপ্তির কথা বলছেন তাঁরা মূলত জঙ্গিবাদের দোসর। তাঁরা চান না দেশের আইনশৃঙ্খলা ভালো থাকুক।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক স্মরণসভায় কামরুল এসব কথা বলেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ এ স্মরণসভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত ও সুশীল সমাজ নারায়ণগঞ্জের ঘটনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তদন্তকাজকে বাধাগ্রস্ত করতে চায়। আমি তাদের অনুরোধ করব, এটাকে নিয়ে জজমিয়ার নাটক সাজাবেন না। একটা বাহিনীর মধ্যে কিছু দুষ্ট লোক থাকতে পারে। এ জন্য পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না।’

র‌্যাবের সফলতার কথা তুলে ধরে কামরুল বলেন, ‘র‌্যাব বাহিনীকে নিয়ে অনেকে অনেক গুজব ছড়াচ্ছে। এ র‌্যাব জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ বেশ কিছু কাজ সফলতার সঙ্গে করেছে। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং একটা ঘটনার জন্য সবাইকে দোষারোপ করা যাবে না।’

নারায়ণগঞ্জের ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যে দলের লোক জড়িত থাকুক না কেন, সবার বিচার করা হবে। র‌্যাবের যে তিন সদস্যের নাম এসেছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার করা হবে।’ 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুলতানা শফির সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন পেট্রো বাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।