'জঙ্গিবাদ নির্মূলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলুন'

জঙ্গিবাদ নির্মূলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা এই আহ্বান জানান।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব। বিশেষ অতিথি ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মো. নুরুল আলম।
সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অনুপম সেন বলেন, ‘বাংলাদেশকে সন্ত্রাসবাদী রাষ্ট্রে রূপ দিতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। কিন্তু এই দেশের মানুষ বাংলাদেশকে অমানবিক রাষ্ট্র হতে দেবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা জাতিকে মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা আবার সে রকম ঐক্য চাই। সাধারণ মানুষের ঐক্যের কাছে সব ষড়যন্ত্র, জঙ্গিবাদ ও সন্ত্রাস পরাভূত হবেই।’
সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মো. নুরুল আলম বলেন, ‘একটি গোলযোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই সমস্যা মোকাবিলার জন্য ১৯৭১ সালের মতো আবারও মাথা উঁচু করে রাজপথে নামতে হবে। আবারও আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে চলমান চক্রান্ত রুখে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘তরুণ-যুবকদের জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পেছনে আমাদের অভিভাবকেরা সমান দায়ী। অভিভাবক হিসেবে আমরা সন্তানদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ভেতর দিয়ে গড়ে তুলতে পারছি না। এ কারণে এরা জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।’
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, ‘আমরা বীরের জাতি। জঙ্গিদের কাছে বীরের জাতি পরাজিত হতে পারে না। জঙ্গিবাদকে নির্মূল করে দেশে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।’ তিনি আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণ-যুবকদের সচেতন করতে হবে।
এদিকে গতকাল বেলা ১১টায় ‘জঙ্গি, সন্ত্রাস, জঙ্গিবাদ—রুখে দাঁড়াও বাংলাদেশ’ এ স্লোগানে স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে।